
শেষ আপডেট: 17 June 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো: ‘চোখের বালি’র বিনোদিনীর কথা ভাবলেই যার মুখ চোখের সামনে ভেসে ওঠে, তিনি ঐশ্বর্য রাই বচ্চন। ঋতুপর্ণ ঘোষ তাঁর ছবিতে যেন রাই সুন্দরীকে দিয়েই বিনোদিনীর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আরও একাধিক মাধ্যমে চোখের বালি তৈরি হলেও, এবং রাধিকা আপ্তের মতো অভিনেত্রী বিনোদিনীর চরিত্রে অভিনয় করলেও, ঐশ্বর্যর জায়গা কখনওই নিতে পারেননি কেউ। আর এবার আরও এক অভিনেত্রী বিনোদিনীর সাজে ঝড় তুললেন অনুরাগীদের হৃদয়ে। তিনি মধুমিতা সরকার।
সিরিয়াল থেকে উঠে এসে যে ক’জন অভিনেত্রী বর্তমানে টলিউডে অভিনয় করছেন, মধুমিতা তাঁদের মধ্যে অন্যতম। মিমি চক্রবর্তী, সোহিনী সরকারের মতো সিনেমা মধুমিতার ফিল্মোগ্রাফিতে না থাকলেও, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দিক থেকে তিনি কোনও অংশে পিছিয়ে নেই। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই তিনি পোস্ট করলেন এমন তিনটি ছবি, যা দেখে একেবারে হতবাক নেটিজেনরা। দেখা যাচ্ছে, সাদা শাড়ি পরে একেবারে বিনোদিনীর সাজে কোথাও দাঁড়িয়ে, আবার কোথাও বসে রয়েছেন অভিনেত্রী।
এরপর থেকে টলিউডের অন্দরে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। তা হল, মধুমিতা কি এবার বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে চলেছেন? তাঁকে নিয়ে কে বানাচ্ছেন চোখের বালি? যদিও এই নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন মধুমিতা। এটা কি সিনেমার জন্য লুক সেট হল নাকি শুধুই ফটোশ্যুট, তা খোলসা করেননি অভিনেত্রী। তবে সত্যিই আবার ‘চোখের বালি’ নিয়ে কাজ করে মধুমিতা যে বিনোদিনীর চরিত্রে মানানসই হবেন, সেটা স্বীকার করেছেন কমবেশি সবাই।
এমনিতে মধুমিতা বরাবরই নিজের ফটোশ্যুটের সমস্ত আপডেট ইনস্টাগ্রামে দিয়ে থাকেন। এবার বিনোদিনী লুকের ছবিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন। ছবিতে দেখা যাচ্ছে, মধুমিতার পরনে সাদা শাড়ি, গলায় ঘুমসির মালা, হাতে বাঁধা রুদ্রাক্ষ। সঙ্গে ক্যাপশনে তিনি শুধু লিখলেন, ‘ভুলিতে নাহি পারি।’ ছবিগুলি দেখামাত্রই তাক লেগে যায় অনুরাগীদের। কমেন্টবক্সে নেটিজেনরা একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন অভিনেত্রীর উদ্দেশে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মধুমিতা।