
শেষ আপডেট: 18 July 2022 13:22
দ্য ওয়াল ব্যুরো: ষাটের দশকে বলিউড (bollywood) মানেই মধুবালা (Madhubala)। পুরনো দিনের হিন্দি সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁর নাম। ‘মুঘলে আজম’ থেকে শুরু করে ‘কালা পানি’, ‘বারসাত কি রাত’, ‘মহল’, ‘ঝুমরো’, ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’- একের পর এক ছবি তিনি উপহার দিয়েছেন বলিউডকে। সাদাকালো পর্দার সেই রঙিন অভিনেত্রীকে নিয়ে এবার ছবি বানাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। আসছে মধুবালার বায়োপিক।
মধুবালার বায়োপিক বলিউডে যথেষ্ট চর্চিত একটি ছবি। এই ছবির জন্য অনেকে অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন। অধীর অপেক্ষা জমে রয়েছে সেই ছবির কাস্টিংকে ঘিরে।
গ্ল্যামারকুইন মধুবালার চরিত্র রঙিন পর্দায় কে ফুটিয়ে তুলবেন, বলিউডের কোন নায়িকাকে তাঁর চরিত্রে সবচেয়ে বেশি মানাবে তা নিয়ে হাজারো জল্পনা রয়েছে। অবশেষে সে জল্পনা উস্কে দিয়ে মধুবালার বায়োপিক নিয়ে মুখ খুললেন চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ।
ফেসবুকে তরণ আদর্শ লিখেছেন, মধুবালার বায়োপিক তৈরির কাজ শুরু হচ্ছে। অভিনেত্রীর বোন মধুর ব্রিজ ভূষণ এতে সায় দিয়েছেন। শক্তিমান প্রোডিউসার ব্রিউইং থটস প্রাইভেট লিমিটেডের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।
তা অবশ্য খোলসা করে বলেননি তরণ আদর্শ। শুধু জানিয়েছেন, বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রীর সঙ্গেই এই ছবির জন্য কথাবার্তা চলছে। ছবিটি পরিচালনাও করছেন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় কোনও পরিচালক। আগামী বছর এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
ইমতিয়াজ আলি মধুবালার বায়োপিক বানাতে চান, সেই নিয়ে কথাবার্তা এগোচ্ছে, এ খবর আগেই জানা গিয়েছিল। ধন্দ কেবল রয়ে গেল তারকা অভিনেত্রীটিকে নিয়ে। কাকে এই চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হবে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: ‘ফ্যাশন’ থেকে ‘বরফি’ ছুঁয়ে হলিউড! চল্লিশ বসন্ত পেরিয়ে ফিরে দেখা প্রিয়াঙ্কার সেরা ৫