
শেষ আপডেট: 8 July 2022 09:02
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাকি আলি (Lucky Ali)। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই দেশ থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য হবো বলে হুঁশিয়ারি দিলেন তিনি। কিন্তু, কেন আচমকা এমন সিদ্ধান্তের কথা জানালেন?
এদিন নিজের ফেসবুক পোস্টে লাকি আলি (Lucky Ali) জানিয়েছেন, তাঁর পৈতৃক জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে। সেই জমি ফেরত পাওয়ার জন্য একাধিকবার তিনি সরকারের দ্বারস্থ হয়েছেন। তা সত্ত্বেও কোনও লাভ হয়নি। শুক্রবার শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার মতো বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে আজ সকালে তিনি লেখেন, "আগেও বলেছি, আবারও বলছি। যদি আমাদের সরকা জমি মাফিয়াদের বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেয় তাহলে আমি বড় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। জমি মাফিয়ারা আমার ১০০ একরের বেশি পৈতৃক জমি দখল করে রেখেছে। এদের সঙ্গেই জড়িত রয়েছে কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিক।"
“রণবীরের এক্স-রা আমার খুব ভাল বন্ধু”, করণের কফি-আড্ডায় দিলখোলা আলিয়া
এরপরই লাকি আলির হুঁশিয়ারি, "যদি আমি এই জমি ফেরত না পাই এবং সরকার কোনও পদক্ষেপ না নেয়, তবে আমি এই দেশকে বিদায় জানাতে বাধ্য হব। এই সুন্দর দেশ, যাকে আমি নিজের বাড়ি মনে করি, সেটি ছেড়ে চলে যাব। আর ফিরে আসব না। কথা দিচ্ছি। ২০২২ সাল থেকে এই সমস্যা ভোগ করছি।"
তবে কিছুক্ষণ আগেই এই পোস্টটি ফেসবুক থেকে তুলে নিয়েছেন তিনি। এর কারণ অবশ্য জানা যায়নি।