
জয়-লোপা
শেষ আপডেট: 26 November 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: জয় সরকার ও লোপামুদ্রা মিত্র। (Joy Sarkar, Lopamudra Mitra) বাংলা গান জগতে সুরেলা দুই নাম। আগামী ২৯ নভেম্বর সন্ধ্যায় তাঁরা এবার জুটিতে গান আসরে বসবেন। আসরের নাম রেখেছেন ‘জয়-লোপা এক্সপ্রেস’। এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার সাক্ষী হতে চলেছে শীতের শহর। সুরের সন্ধ্যায় ভাসবে জি.ডি. বিড়লা সভাঘর। সময় ৬:৩০টা।
এক অন্য ধারার গানের গাড়ি। গানের মোড়ে-মোড়ে নানা স্টেশন ছুঁয়ে এগিয়ে যাবে এক্সপ্রেস। এ বছরে প্রাক দুর্গাপুজোয় রেলগাড়ির ছোটার কথা ছিল। কিছুটা দেরি হয়েছে ঠিকই। তবে লোপা-জয় দু’জনই দিলেন আশ্বাস, ভরপুর এই গানগাড়িতে চড়ে এক সুন্দর গান সফরের সাক্ষী থাকবেন শ্রোতারা।
সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র বললেন, ‘এবছর ১৩ সেপ্টেম্বর আমাদের জয়-লোপা এক্সপ্রেস হওয়ার কথা ছিল। সে সময় করা সম্ভব হয়নি। ঠিক করেছিলাম বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ষষ্ঠী দাস বাউলের চিকিৎসার জন্য এই কনসার্টটি আয়োজন করব, সম্মান জানাব। ওঁর কাছে আমি বেশ কিছুদিন গানও শিখি। একটি সুন্দর সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু দুঃখের বিষয় ষষ্ঠী দাস বাউল ৪ নভেম্বর গত হয়েছেন। আমাদের এইটুকু সান্ত্বনা ওঁর চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য আমরা জোগাড় করতে পেরেছিলাম। অনুষ্ঠানের দিনক্ষণের জন্য আমরা অপেক্ষা করিনি। এই অনুষ্ঠানটা আমরা ষষ্ঠীদার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছি।’
লোপা আরও বলেন, ‘জয়-লোপা জুটি ২৯ বছরে পা দিল। সেদিক থেকে আমাদের এক্সপ্রেস বহুদিন ধরেই চলছে, কিন্তু সেটা নিয়মিত হয়ে ওঠে না। জয় আগে গিটারিস্ট হিসেবে আমার গানে বাজাত, অনেক দিন হল ওঁর ব্যস্ততা, গানে সুর করা, এসবের কারণে আমাদের একসঙ্গে গান-বাজনা আর হয়ে ওঠে না। দু’জনের এক্সপ্রেস দু’জনের মতো চলতে থাকল। কিন্তু আমাদের মধ্যে একটা সুরের সেতু বরাবর রয়ে গেছে। আমরা খুব ভালো বন্ধুও। আমি একক অনুষ্ঠান করছি, অন্যদিকে জয় মঞ্চে তেমন শো করে না। তা-ই এই যৌথ ভাবনা। জয়ও গাইবে নিজের গান, আমিও ওঁর সুরে গান গাইব, থাকবেন আমাদের বেশ কিছু পরিচিত জন এবং অতিথি যন্ত্রীরা। সব মিলিয়ে এই এক্সপ্রেস জয়-লোপা দুটো ইঞ্জিনে ছুটবে।’
জয়-লোপার ২৯ বছরের মিউজিক্যাল জার্নি, তবু একসঙ্গে এক্সপ্রেসের ভাবনা কেন হঠাৎ, ‘আসলে লোপার হাত ধরেই আমার সুরকার হিসেবে আত্মপ্রকাশ। সেদিক থেকে দেখতে গেলে আমার সুরকার জীবনের পঁচিশ বছর পার। অনেক বছর একসঙ্গে মঞ্চে লোপাকে গিটারে সঙ্গত করেছি। সেটা এখন আর হয় না। সেই মুহূর্তগুলো মিস করি। তাই, আমাদের এই অন্য ভাবনা জয়-লোপা এক্সপ্রেস।’