
সলমন খান
শেষ আপডেট: 27 March 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই ইদে মুক্তি পাচ্ছে সলমন খান ও রশ্মিকা মন্দান্না অভিনীত ‘সিকান্দার’। ৩০ মার্চ সারা দেশে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে। ছবির প্রচারে এসে এবার প্রথমবার লরেন্স বিষ্ণোইয়ের হুমকি প্রসঙ্গে প্রকাশ্যে কথা বললেন সলমন।
প্রাণনাশের হুমকি নিয়ে ভয় পাচ্ছেন কি না—এই প্রশ্নের উত্তরে ভাইজান বলেন, “ঈশ্বর, আল্লাহ—সবাই সমান। আমি শুধু তাকেই মানি। মানুষের আয়ু যতদিন লেখা আছে, ততদিনই বাঁচতে হবে। তবে মাঝে মাঝে এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয় যে বিরক্ত লাগে, এটাই সমস্যা।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে সলমন খানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন এই গ্যাং সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকে হত্যা করে। তবে এসবের পরও দমে যাননি সলমন। শ্যুটিং শেষ করেছেন, ছবির প্রচারও চালিয়ে যাচ্ছেন।
ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে সলমন খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “ইদ বা দীপাবলির মতো উৎসবে সিনেমা মুক্তি পেলে ১০০ কোটি তো অনায়াসে পার করে। এখন ১০০ নয়, ২০০ কোটিও হয়ে যায়।” ২৫ মার্চ থেকেই শুরু হয়েছে আগাম টিকিট বুকিং। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। শুধুমাত্র হিন্দির ২ডি ভার্সন থেকে আয় হয়েছে ১.১৩ কোটি টাকা। সবমিলিয়ে এখন পর্যন্ত ‘সিকান্দার’ মুক্তির আগেই ৫.০১ কোটি টাকা সংগ্রহ করেছে।
‘সিকান্দার’-এর সঙ্গে বক্স অফিসে টক্কর দিতে আসছে দক্ষিণী তারকা মোহনলালের ছবি ‘এল ২ এমপুরান’। আগাম টিকিট বিক্রির হিসেব বলছে, ‘এল ২ এমপুরান’-এর জনপ্রিয়তা কিছুটা হলেও ‘সিকান্দার’-কে পিছনে ফেলতে পারে। তবে চূড়ান্ত লড়াইয়ের ফল জানা যাবে ৩০ মার্চের পরই!