
লাবণী সরকার, শাকিব খান
শেষ আপডেট: 17 April 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: বাংলা টেলিভিশনের শুরুর যুগ থেকে প্রথম সারির নায়িকা ছিলেন লাবণী সরকার। বড় পর্দার থেকেও ছোট পর্দায় লাবণী ছিলেন জনপ্রিয় মুখ। তবে তপন সিনহার 'হুইল চেয়ার' ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন লাবণী সরকার। একসময়ে নায়িকার রোল মেনস্ট্রিম ছবিতে না মেলায়, মায়ের রোলের অফার নিতে থাকেন তিনি। বয়সে ছোট হয়েও প্রসেনজিতের মায়ের রোলে একের পর এক ছবি সাইন করতে থাকেন লাবণী। স্টার প্রসেনজিৎকে সবসময় সম্মান জানান লাবণী। মায়ের রোলে দাপট দেখালেও লাবণী প্রসেনজিৎকে বুম্বাদা বলেই ডাকেন।
তবে সেই লাবণী সরকার সম্প্রতি প্রকাশ্যে বলে বসলেন, তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে চেনেন না। অথচ টলিউডের পাশাপাশি ঢালিউডেও একাধিক কাজ করেছেন লাবণী। তবুও নাকি তিনি শাকিব খানকে চেনেন না। লাবণীর মন্তব্যে বেজায় চটেছে বাংলাদেশের দর্শক। তোলপাড় নেটপাড়াতেও। কেন এমন বেফাঁস মন্তব্য করলেন লাবণী?
শুধু প্রসেনজিতের মায়ের রোলেই নয়, দেবের মায়ের ভূমিকাতেও একাধিক হিট ছবি করেছেন লাবণী। এদিকে গুজব রটেছিল, দেবের সঙ্গে নাকি লাবণীর ঝগড়া চলছে।
লাবণী সরকার বলেছেন 'একদমই না। ইন্ডাস্ট্রিতে ৩৫ বছরের অভিনয় জীবনে আমার কোনও শত্রু নেই। আমার মধ্যে এমন কোনও বড় কোয়ালিটি নেই, যেটার জন্য হিংসে থেকে আমার শত্রু তৈরি হবে। শত্রু তৈরি হওয়ার জন্য বিরাট হতে হয়। আমি তো সাধারণ একজন। আর দেব তো সেখানে সুপারস্টার। দেব আমার সন্তানসম। আসলে আজকাল সত্যি বলার জায়গা এত কমে এসছে যে কেউ যদি একটা সত্যি বলতে চায় ওমনি তার ওপর আঙুল তোলা হয়। দেব শুধু নয়, যে কোনও অভিনেতার জন্যই আমার নিজের মতামত থাকতে পারে। কাউকে খুশি করার জন্য মতামত দিতে থাকলে আমি ভীষণ দুর্বল মানুষ হয়ে পড়ব। আমি বুম্বাদা, দেব, জিতের সঙ্গে কাজ করেছি। এমন কোনও মেনস্ট্রিম হিরো নেই, যার সঙ্গে আমি কাজ করিনি। আসলে আমি বলেছিলাম, দেব অবশ্যই স্টার, কিন্তু দেব ভক্তরা যে দেবকে বলে থাকেন মেগাস্টার, ইন্ডাস্ট্রি, এই কথাগুলোর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। সময়টাই বড় বিষয়। বুম্বাদার ৪৫ বছরের অভিনয় জীবন। সেটার সঙ্গে দেবের ১০ বছরের অভিনয় জীবনের কীভাবে তুলনা হবে? আর এখন মাল্টিস্টারার ছবি হয়। কোনও স্টারের একার উপর ছবি নির্ভর করে না।'
এরপরই সুপারস্টারদের কথা ওঠায় বাংলাদেশের শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন লাবণী। অভিনেত্রী বলেন 'শাকিব খান কে, আমি জানি না। শাকিব খানকে ভাল করে চিনিই না। তার কোনও ছবিই দেখিনি। শাকিব খানকে নিয়ে আমি কী বলব! শাকিব খানের একটা গোটা ছবিই আমি দেখিনি। তার সঙ্গে জীবনে আমি কোনও ছবিই করিনি। তাকে নিয়ে আমি কী বলতে পারি? চিনি না সেটা, না বলার তো কিছু নেই! এখন যে যার মতো রিল বানাচ্ছে, বাইট নিচ্ছে, আমাদের পুরো বক্তব্য প্রচারে আসে না। আমার কত বক্তব্য বিকৃত করে খবর করা হয়েছে। ঘরেঘরে ইউটিউবার, সবাই বাইট নিচ্ছে। অলীক জগতে থাকা মানুষরা যা খুশি করছেন তো কী হবে!'
তবে লাবণী সরকার চরম অপমান করেছেন শাকিব খানকে— এই মর্মে কথাটা যতটা ভাইরাল হয়েছে, আদতে কিন্তু তা নয়। তিনি বাংলাদেশের অভিনেতাকে চেনেন না, একসঙ্গে কাজ করেননি। এটুকুই শুধু অকপটে বলেছেন। আর সেই না চেনা লাবণীর অপরাধ হয়ে গেছে দর্শকদের কাছে। যদিও দর্শকদের ক্ষোভ নিয়ে লাবণী অবিচল।