.jpg)
বরফ গলে জল!
শেষ আপডেট: 12 January 2025 21:01
নিজস্ব সংবাদদাতা: দেবকে কড়া ভাষায় বিঁধেছিলেন সামাজিক মাধ্যমে। কখনও 'চৈতন্যদেব সাজছে' আবার কখনও বা 'আরজি কর কাণ্ডকে সিনেমার প্রচারে লাগাচ্ছে' বলে প্রকাশ্যেই ঘাটালের সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে বছরের শুরুতেই বদলে গেল যাবতীয় হিসেব-নিকেশ।
টাকি বয়েজ স্কুল প্রাঙ্গণে প্রাক্তনীদের সহযোগিতায় শুরু হয়েছে 'টিব্যাক কার্নিভ্যাল'। 'টিব্যাক কার্নিভ্যাল'-এর অন্যতম আয়োজক কুণাল। আর এই কার্নিভ্যালের দ্বিতীয় দিনে দেব প্রযোজিত ছবি 'বিনোদিনী, একটি নটীর আখ্যান'-এর প্রচারে হাজির হলেন পর্দার বিনোদিনী রুক্মিণী। হাজির ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ও। তবে দেখা যায়নি দেবকে। দ্য ওয়ালকে কুণাল নিজেই জানালেন, দেবকে ডাকা হয়নি। কেন? সে ব্যাখ্যাও দিলেন তৃণমূল নেতা।
কুণালের কথায়, "আমি বিনোদিনী টিমকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওঁরা আসার পর পাশে দাঁড়িয়ে, সম্বর্ধনা দিয়ে সবাইকে আবেদন করেছি বিনোদিনী দেখবার জন্য। বিনোদিনী একটা অসাধারণ চরিত্র। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ইতিমধ্যেই স্টারের নাম বদলে বিনোদিনী রেখে দিয়েছেন। যেভাবে ছবিটার মধ্যে দিয়ে রুক্মিণীরা বিনোদিনীর যন্ত্রণা তুলে ধরেছেন, বাংলা মানুষেরও উচিৎ ছবিটা হলে দেখতে যাওয়া।" দেবের অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করতেই কুণাল যোগ করলেন, "ওকে বলিনি। আসলে দেব এলে বিনোদিনী ঢাকা পড়ে যেত।"
দেব-কুণাল তরজার সূত্রপাত গত বছর লোকসভা নির্বাচনের আগে। দেবের সৌজন্য-রাজনীতি নিয়ে তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল। ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম দেখেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। পাল্টা উত্তর দেন দেবও। বলেন, "দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম। দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি।"
চুপ করে থাকেননি কুণাল। বোমা ফাটান আবারও। লেখেন, "দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছ। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।'
এখানেই শেষ নয়, গত বছর মুক্তি পেয়েছে দেব অভিনীত-প্রযোজিত ছবি 'টেক্কা'। ছবির পোস্টার দেখেও কুণাল মন্তব্য করেছিলেন আরজি কর কাণ্ডকে ছবির প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন সাংসদ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের সখ্য নিয়েও বিঁধেছিলেন প্রকাশ্যেই। তবে বরফ গলতে শুরু করে টেক্কার ট্রেলার লঞ্চে। সকলের সামনে আচমকাই দেব জিজ্ঞাসা করেন, “কুণালদা ভাল আছেন?” সমাজমাধ্যমে উত্তরও দেন কুণাল। এমনকি ছবির ট্রেলারও পোস্ট করে লেখেন, “দেব, সৃজিত এবং তাদের পুরো টিমকে আগাম শুভেচ্ছা। ‘টেক্কা’ সফল হোক। দর্শক হলে গিয়ে দেখুন। কয়েক ঝলক দেখেই বোঝা যাচ্ছে বাংলা সিনেমায় নতুন স্বাদ ও ঝাঁজ।” এরপর যদিও আর বিতণ্ডায় জড়াতে দেখা যায়নি দু'জনকে। সম্পর্কের যে উন্নতি হয়েছে সে প্রমাণ মিলল রুক্মিণীর আগমনেই।