
শেষ আপডেট: 6 September 2023 09:08
দ্য ওয়াল ব্যুরো: তাঁর ঝুলিতে রয়েছে একদিনে টানা ২৮টি গান রেকর্ড করার অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড। কেরিয়ারে ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। পেয়েছেন ১২ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার। এমনকী পদ্মশ্রীও পেয়েছেন। তবে একবারও জাতীয় পুরস্কারের শিকে ছেঁড়েনি কুমার শানুর (Kumar Sanu) ভাগ্যে । এত বছরের দীর্ঘ কেরিয়ারে মানুষের সম্মান, ভালবাসা, জনপ্রিয়তা লাভ করলেও জাতীয় পুরস্কারের (national award) মতো সম্মানজনক পুরস্কারের জন্য কখনও ভাবা হয়নি তাঁর নাম। এ নিয়ে এবার সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন কুমার শানু।
ইন্ডাস্ট্রিতে স্পষ্টবক্তা হিসেবে পরিচিত গায়ক। জাতীয় পুরস্কারের ক্ষেত্রেও নিজের বক্তব্য সোজাসুজিই জানালেন কুমার শানু। গায়কের কথায়, বহুদিন আগেই জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল তাঁর। এ প্রসঙ্গে কুমার শানুর মন্তব্য, 'জাতীয় পুরস্কার পেতে গেলে যে ধরনের অ্যাপ্রোচ রাখতে হয় তা আমার নেই'। অর্থাৎ জাতীয় পুরস্কারের ক্ষেত্রে যে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে বারবার, পরোক্ষে সেই বিতর্কই যেন আরও একবার উস্কে দিলেন তিনি।
কুমার শানুর কথায়, জাতীয় পুরস্কার পেতে গেলে বিশেষ এক ধরনের আচরণ করতে হয়। অনেকের অনুমান, তিনি 'বিশেষ আচরণ' বলতে পুরস্কার প্রাপকদের সঙ্গে সুসম্পর্ক রাখার দিকেই ইঙ্গিত করছেন। গায়কের কথায়, পুরস্কার ম্যানেজ করার জন্য যে ধরনের স্তাবকতার প্রয়োজন হয়, তা কখনওই রপ্ত করতে পারেননি তিনি। সেই কারণেই কখনও জাতীয় পুরস্কার তাঁর ঘরে আসেনি।
জাতীয় পুরস্কার না পাওয়া নিয়ে কি তাঁর মনে কোনওরকম দুঃখ বা আফসোস আছে? এই প্রশ্নের উত্তরে গায়ক বলেন, নিশ্চয়ই দুঃখ হয়, তবে এত দিনে এমন বঞ্চনায় অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি। পুরস্কার পাওয়া বা না পাওয়া আর ভাবায় না তাঁকে, জানালেন শানু। তিনি বলেন, 'পুরস্কার পাওয়া নিয়ে যে ধরনের রাজনীতি চলে তা এখন বুঝতে পারি।' এমনকী এখন দর্শক বা শ্রোতারাও বোঝেন কোন পুরস্কার কাকে পাইয়ে দেওয়া হল, মন্তব্য শানুর।
শুধু জাতীয় পুরস্কারই নয়, পদ্মশ্রী পাওয়া নিয়েও ক্ষোভ চেপে রাখেননি শানু। তিনি বলেন, পদ্মশ্রী নয়, বরং সর্বোচ্চ পদ্ম পুরস্কার পদ্মভূষণ পাওয়া উচিত ছিল তাঁর। সেখানেও বঞ্চিত হয়েছেন তিনি। তবে এসব বিষয়ে বিশেষ মাথা ঘামান না, জানালেন 'আশিকি' গায়ক। পুরস্কার কমিটি যদি তাঁকে যোগ্য মনে না করে সেক্ষেত্রে তাঁর কিছুই করার নেই। পুরস্কারের জন্য কাউকে অনুরোধ করতে পারবেন না তিনি। সাফ কথা শানুর।
অবাঙালি হয়েও বাংলার প্রতি বিশেষ টান, কিশোর কুমারের ‘বায়োপিক’ করতে চান আয়ুষ্মান