
শেষ আপডেট: 5 August 2023 18:28
দ্য ওয়াল ব্যুরো: ভক্তের (fan) পাগলামি কতদূর যেতে পারে, সেটাই যেন হাতেকলমে দেখালেন রাজস্থানের রাকেশ বালোডিয়া। ১২০০ কিলোমিটার রাস্তা প্যাডেল করে তিনি পাড়ি দিলেন মুম্বই। শুধুমাত্র নিজের 'ভগবান'কে সামনে থেকে দেখবেন বলে। সেই ভগবানের নাম কুমার শানু (Kumar Sanu)। এই বাংলা থেকে গিয়ে যিনি এখনও বম্বে কাঁপাচ্ছেন। আইডল যেখানে এমন সাহসী, সেখানে তাঁর ভক্তও যে তেমনই ধক রাখবেন বুকে, সেটাই তো স্বাভাবিক।
জানা গিয়েছে, রাজস্থানের ঝুনঝুনু এলাকার বাসিন্দা রাকেশ বালোডিয়া। সেখান থেকে একাই সাইকেল (fan) চালিয়ে তিনি মুম্বই পৌঁছে যান শনিবার সকালে। এরপর তিনি দেখা করলেন প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে। এক জাতীয় সংবাদ সংস্থার কাছে 'শানুদা'কে নিয়ে নিজের পাগলামি, আবেগের কথাও জানিয়েছেন ওই ভক্ত। যদিও 'ভগবান'কে সামনে দেখে তখন তিনি ভাষা হারিয়েছেন।
রাকেশ বলেন, "আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন থেকে কুমার শানুদার গান শোনা শুরু করি। ওঁকে অনুকরণ করে গান গাওয়া শুরু করি। সেই গানের জন্য নিজের শহরেই এত ভালবাসা পেয়েছি যে তা কোনওদিন ভোলার নয়। নাহলে আমি আজ কী করতাম, জানি না। সেই ভালবাসাই আমাকে রাজস্থান থেকে মুম্বইয়ে টেনে এনেছে। আমার পরিবারও পাশে দাঁড়িয়েছিল। কারণ তাঁরা জানে আমি শানুদাকে কতটা ভালবাসি।'
প্রিয় তারকাকে আবার ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাকেশও। পরে সংবাদমাধ্যমের সামনে কুমার শানু বলেন, "অনুরাগীরা আমাদের এত ভালবাসেন, এগুলোই তো পাওনা। রাকেশ ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমাকে আবেগঘন করে দিয়েছে গোটা ঘটনা।"
কাজলের 'বন্ধু' করণ, সেই বন্ধুত্বের জন্য মণি রত্নমের সিনেমাও ছেড়ে দিয়েছিলেন নায়িকা