
শেষ আপডেট: 16 May 2023 10:36
দ্য ওয়াল ব্যুরো: বাবার নাম দিয়ে কোনওদিনই পরিচিত হতে চাননি। বরাবরই ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা নাম তৈরির চেষ্টা করেছেন। সময় লাগলেও তাতে সফলও হয়েছেন কুমার শানুর (Kumar Sanu) কন্যা শ্যানন কে (Shannon K)। সঙ্গীত জগতে তিনি আলাদা পরিচয় অর্জন করতে পারায় খুশি তাঁর বাবাও। এবার বিখ্যাত গায়কের গর্ব আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়ে শ্যানন চললেন কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes 2023) যোগ দিতে।
এই প্রথমবার ফ্রান্সের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন কুমার শানুর মেয়ে শ্যানন। ২০২৩ সালে বলিউডের আরও কয়েকজন প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে পা রাখতে চলেছেন। শ্যানন তাঁদের মধ্যে অন্যতম। ২০১৮ সালে পু বিয়ারের সঙ্গে নিজের গানের কেরিয়ার শুরু করেছিলেন শ্যানন। এরপর ২০২০ সালে হলিউড ছবি 'দ্য বিগ ফিড'-এ অভিনয় করে রাতারাতি লাইমলাইটে চলে আসেন। ডেভিড আর্কুয়েট, এড ওয়েস্টউইক এবং ব্রিটানি স্নো-এর সঙ্গে 'গিভ মি ইয়োর হ্যান্ড'-এর অ্যান্টি-বুলিং গানেরও অংশ ছিলেন শ্যানন।
নিজের এই জার্নিতে বাবাকে যে সবসময় পাশে পেয়েছেন তা নয়। নিজে কষ্ট করে অর্জন করে নিয়েছেন এই জায়গা। বাবা কুমার শানু হওয়ায় একটা চাপ তো ছিলই। তবে নিজের কাজের প্রতি সততা বজায় রেখে, দাঁতে দাঁত চেপে লড়াই করেই আজ এই জায়গায় পৌঁছেছেন শ্যানন। আর এবার কানে অভিষেক সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, "মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। বাস্তব মনেই হচ্ছে না। এই সুযোগ পেয়ে আমি ভীষণই আনন্দিত। তবে এটাই আমার শুরু। ঈশ্বরের কৃপায় আরও অনেক কিছু পেতে চলেছি।"
উল্লেখ্য, ২০২৩ সালের কানে ভারত থেকে অনেকেই প্রথমবার পা রাখতে চলেছেন। যার মধ্যে অন্যতম অনুষ্কা শর্মা। বলিউডে প্রায় ১৫ বছর কাটিয়ে ফেলার পর অবশেষে এবছর কানের রেড কার্পেটে হাঁটতে দেখা যাবে তাঁকে। এছাড়াও ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার যোগ দেবেন মানুষী চিল্লার ও বিজয় বর্মাও। তাঁদের পাশেই এবার নাম লেখালেন শ্যানন কে'ও। এর পাশাপাশি ঐশ্বর্য রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুরদেরকেও দেখা যেতে পারে এবছরের কানে। ১৬ মে, মঙ্গলবার থেকে আগামী ২৭ মে, শনিবার পর্যন্ত চলবে এই উৎসব।