
শেষ আপডেট: 1 March 2023 10:38
দ্য ওয়াল ব্যুরো: দু'পাশে বরফের দেওয়ালের মাঝখান দিয়ে ছুটছে গাড়ি। চালকের আসনে শাহিদ কাপুর। আর সেই গাড়িতেই 'ইয়ে ইশক হায়ে, ব্যাঠে বিঠায়ে' গানের সঙ্গে নাচছেন উচ্ছল করিনা (Kareena Kapoor)। এই দৃশ্য আজও দর্শকদের মনে টাটকা। এখনও টিভি বা মোবাইলের পর্দায় এই দৃশ্য ফিরে এলে, চট করে চোখ ফেরানো যায় না। ২০০৭ সালের সেই 'জব উই মেট' সিনেমার স্মৃতি নতুন করে ফিরিয়ে আনলেন এক কোরিয়ান তরুণী (korean lady)।
ইমতিয়াজ আলি পরিচালিত এই সিনেমা যেমন সুপারহিট হয়েছিল, তেমনই এই সিনেমা বলিউডে শাহিদ-করিনার জুটিকেও তুমুল পরিচিতি দিয়েছিল। করিনার লাল স্কার্ট আর সাদা শার্ট, কালো টিউনিক টপের জাদুতে মাতাল হয়েছিল আট থেকে আশি। এরপর দেড় দশক পেরিয়ে গিয়েছে। সেদিন যারা স্কুলপড়ুয়া ছিল, আজ তারা অনেকেই পরিণত। করিনা-শাহিদও আলাদা ভাবে নিজেদের চলার পথ বেছে নিয়েছেন। আর এই সমস্ত পরিবর্তনের মাঝেই সাধারণ মানুষের রোজকার যাপনে জায়গা করে নিয়েছে ইনস্টাগ্রাম রিলস।
দেখুন সেই নাচের ভিডিও।
সেই রিলসের হাত ধরেই ফিরে এলো গীতের লাল স্কার্ট আর সাদা কালো টপের ম্যাজিক। নেপথ্যে এক কোরিয়ান তরুণী। তিনি 'ইয়ে ইশক হায়ে'র সঙ্গে নেচে মাতিয়েছেন সোশ্যাল মিডিয়া। শুধু নাচের স্টেপ নয়, তিনি হবহু কপি করেছেন করিনার সেই ফ্যাশনও! সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই রিল। ভেসে গেছে লাইক-কমেন্ট-শেয়ারে। কেউ বলেছেন, 'দেখে মনে হচ্ছে, বলিউডে নামবেন শিগগিরি!' আবার কারও মতে, করিনার চেয়েও নাকি বেশি ভাল নেচেছেন ওই তরুণী।
কিন্তু যাঁকে নিয়ে এত হইচই, তিনি নিজে কী বলছেন? ইনস্টা পোস্টের ক্যাপশনে তিনি লিখছেন, তিনি মতামত চেয়েছিলেন, যে কোন বলিউড অভিনেত্রীর মতো সাজলে তাঁকে মানাবে? উত্তরে অনেকেই জব উই মেটের করিনা কাপুরের নাম বলেছিলেন। তাদের পরামর্শ মেনেই ‘গীত’ অবতারে রিলস মাতিয়েছেন তিনি। তারপর ভাইরাল হওয়া সময়ের অপেক্ষা।
বলিউড ম্যাজিক যে এত সহজে ফিকে হওয়ার নয়, তা যেন আবার বুঝিয়ে দিল এই কোরিয়ান তরুণীর ভাইরাল রিল। অরকুট যুগ থেকে আজকের ইনস্টা যুগ, আজও ভাইরাল হওয়ার শর্টকাট সেই বলিউড!
ফের প্রাথমিকে নিয়োগের নির্দেশ, ৩০০-র বেশি শূন্যপদ দ্রুত পূরণ করতে বলল হাইকোর্ট