
দো পাত্তি ছবির পোস্টার
শেষ আপডেট: 8 November 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজল-কৃতি শ্যানন অভিনীত ছবি 'দো পাত্তি'। ছবি মুক্তির কয়েক দিনের মধ্যেই এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। এক বাঙালি শিল্পীর দাবি, তাঁর কাজ চুরি করা হয়েছে! যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ছবির নির্মাতারা।
কলকাতার শিল্পী, মিউজিক প্রোডিউসার রাজর্ষি মিত্র ফেসবুকে ভিডিও পোস্ট করে দাবি করেছেন, তাঁর তৈরি করা ছ-বছর পুরনো একটি ট্র্যাক 'চুরি' করেছেন 'দো পাত্তি' ছবির নির্মাতারা। নিজের ফেসবুকে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন রাজর্ষি যেখানে ‘দো পাত্তি’ ছবিটির ‘মাইয়া’ গানটির পোস্টার দেখা যাচ্ছে। রাজর্ষির দাবি, বলিউডের এই বিগ বাজেট ছবির গানটির ব্যাকিং ট্র্যাক তাঁর তৈরি করা। ২০১৮ সালে সেটি তৈরি করেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় বাঙালি শিল্পী বলেছেন, তিনি এখন প্রচণ্ড রেগে রয়েছেন, কারণ এটা ভীষণ খারাপ একটা ঘটনা। তিনি মাঝে মধ্যেই গিটারের ব্যাকিং ট্র্যাক আপলোড করতে থাকেন। আর তেমনই একটি ট্র্যাক ২০১৮ সালের আগস্ট মাসে আপলোড করেছিলেন। সেই ট্র্যাক নিজেদের ছবি 'দো পাত্তি'র জন্য চুরি করে নিয়েছে বলিউডের একটি খ্যাতনামা প্রযোজনা সংস্থা।
রাজর্ষির কটাক্ষ, বলিউডের এত খারাপ সময় এসেছে ভাবা যায় না। এই ঘটনা তাঁদের বেহাল দশার জলজ্যান্ত প্রমাণ। যদিও এই ব্যাপারে তিনি আগামী দিনে কী পদক্ষেপ নেবেন তা স্পষ্ট করেননি। যদিও তাঁর ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। কেউ পরামর্শ দিয়েছেন বড় অঙ্কের জরিমানা চাওয়ার, কেউ আইনি পদক্ষেপ নিতে বলেছেন।