
শেষ আপডেট: 24 April 2023 13:18
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi ka Bhai Kisi ki Jaan)। তবে, ইদে ভাইজানের মুক্তি পাওয়া অন্যান্য ছবির তুলনায় এই ছবির বক্স অফিস সাফল্য বলা যেতে পারে সামান্য ফিকে। তবু ভাইজানের কেরিয়ারে সফল ছবির কমতি নেই।
সলমন খানের কেরিয়ারে অনেক বক্স অফিস কাঁপানো (blockbuster movies)) ছবি থাকলেও এমন অনেক ব্লকবাস্টার ছবি আছে যেগুলিতে অভিনয়ের জন্য প্রথমে অনুরোধ করা হয়েছিল সলমন খানকে। চুলবুল পান্ডে সেই ছবিগুলি ফিরিয়ে দিলে (rejected) তাতে অভিনয় করেন শাহরুখ খান বা আমির খানের মতো অন্যান্য সুপারস্টাররা। সেই ছবিগুলি অনেক ক্ষেত্রেই মোড় ঘুরিয়ে দিয়েছিল অভিনেতাদের কেরিয়ারের। ফলে ছবিগুলি ফিরিয়ে দেওয়া নিয়ে পরে হয়তো আফসোস করেছিলেন ভাইজান।
রইল সেই ছবিগুলির তালিকা
বাজিগর
শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম আলোচিত ছবি বাজিগর। ছবিতে ধূসর চরিত্রে শাহরুখ খানের অভিনয় তাক লাগিয়েছিল সমালোচক থেকে দর্শক সব মহলেই। তবে এই ছবির জন্য প্রথমে সলমন খানকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি এমন একটি ধূসর চরিত্র করতে রাজি ছিলেন না। এরপর শাহরুখ খানের কাছে ছবির প্রস্তাব গেলে সেই প্রস্তাবটি একরকম লুফে নেন তিনি। তারপরের ইতিহাস সকলেরই জানা।
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে
নয়ের দশকের অন্যতম সেরা ছবির মধ্যে অবশ্যই থাকবে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবিটি। শাহরুখ এবং কাজলের অবিস্মরণীয় জুটি আজও ঝিম ধরায় দর্শকের হৃদয়ে। তবে এই ছবির প্রস্তাবও প্রথমে যায়নি শাহরুখের কাছে। বদলে সলমন খানের কাছেই গিয়েছিল আইকনিক রাজ চরিত্রের প্রস্তাব।
গজনী
আমির খানের ছবি গজনী তাঁর কেরিয়ারের সেরা ছবিগুলির মধ্যে প্রথম দিকেই থাকবে। স্মৃতিভ্রংশ হওয়া এক ব্যবসায়ীর চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সব মহলেই। পাশাপাশি, একশো কোটির ক্লাবেও ঢুকে গিয়েছিল আমির খানের এই ছবি। তবে মাল্টি বিলিওনেয়ার ব্যবসায়ীর চরিত্রের প্রস্তাব আমিরের আগে গিয়েছিল সল্লুভাইয়ের কাছেই। কিন্তু তিনি ফেরান এই ছবির প্রস্তাবও।
কাল হো না হো
শাহরুখ খান এবং প্রীতি জিন্টার কাল হো না হো দেখে চোখের জল ফেলেননি এমন দর্শক হাতে গোনা। ক্যান্সার রোগীর চরিত্রে শাহরুখ খানের অভিনয় একজন বড় অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠা দিয়েছিল তাঁকে। তবে এই চরিত্রেই এসআরকে প্রস্তাব পাওয়ার আগে সেই প্রস্তাব গিয়েছিল সলমন খানের কাছে। এ প্রস্তাব ফিরিয়ে দিলে শাহরুখ খানের কাছে যায় কাল হো না হো-র প্রস্তাব। তারপর সুপারডুপার হিট হয় এই ছবি।
চাক দে ইন্ডিয়া
একজন অপদস্থ হওয়া হকি খেলোয়াড় থেকে মেয়েদের হকি দলকে বিশ্বকাপ জিতিয়ে ফেরা, চাক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে গিয়েছেন একজন আইকনিক চরিত্র। তবে কবীর খানের চরিত্রে শাহরুখ খানের আগে প্রস্তাব গিয়েছিল আরও এক খান সলমনের কাছেই। যদিও নিজের ব্যস্ত শিডিউলের কারণে এই ছবিতে অভিনয় করতে পারেননি তিনি। এই আফসোস হয়তো আজও তাড়া করে বেড়ায় সল্লুভাইকে।
জোশ
অন্যান্য ছবির মতো বিপুল জনপ্রিয়তা না পেলেও জোশ ছবিটিও ব্যবসায়িক দিক থেকে সফলই বলা চলে। শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই অভিনীত এই ছবির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন সলমন খান।