
খাদান হাউসফুল।
শেষ আপডেট: 20 December 2024 09:10
প্রসঙ্গত, দু'দিন আগেই দেব অভিযোগ করেছিলেন যে পুষ্পা ২-এর কারণে বাংলা সিনেমার হল পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলা সিনেমার নির্মাতাদের জন্য অবশ্য এটি একটি পুরনো সমস্যা। কিন্তু দেব ঠিক করেছিলেন, যে কোনও ভাবেই হোক খাদান দর্শকের কাছে পৌঁছবেই। গতকালও তিনি টুইট করে ভক্তদের অনুরোধ করেন, যদি তাঁদের এলাকায় সিনেমাটি প্রদর্শিত না হয়, তা হলে যেন তাঁকে জানান। দেব বলেন, 'শেষ দেখে ছাড়ব।'
হল পাওয়ার সংশয় পার করে, 'খাদান'-এর এই মেগা শুরুয়াত গোটা ছবিকেই বদলে দিয়েছে। শুধুমাত্র বুক মাই শো-তেই সিনেমাটি ১০০টির বেশি শো পেয়েছে, যার সবই বুকড। শুক্রবার সকালেই দেখা যাচ্ছে, বহু শো হাউজফুল। শনি ও রবিবারের ছুটির দিনগুলিতে আরও ভাল ব্যবসা করবে এই ছবি। বড়দিন ও নিউ ইয়ারের ছুটির মরশুমে ছবিটির বক্স অফিস আয় ভালই হবে বলে আশা টলিউডের।
তবে বক্স অফিসে এর সামনে রয়েছে রাজ চক্রবর্তীর ছবি 'সন্তান'। খাদানের এই সাফল্য সন্তানের জন্য প্রতিযোগিতার আবহ তৈরি করলেও, খাদান-জ্বর আদতে সন্তানের জন্য ভালই হবে বলে মনে করছেন অনেকে। কারণ সামগ্রিকভাবেই বাংলা সিনেমার দিকে ঝুঁকবে দর্শকদের ভার। আরও দুই বাংলা ছবি চালচিত্র এবং ৫ নম্বর স্বপ্নময় লেনও সেই ভারের সুবিধা পাবে বৈকি।
খাদান ছবিতে দেব ছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, ইধিকা পল এবং বরখা বিস্ত। সুজিত রিনো দত্ত পরিচালিত এই সিনেমাটি পুরোপুরি কমার্শিয়াল ঘরানার। সে ছবির শুরুতেই যে বড়সড় সাফল্য মিলল, তা বাংলা ছবির ভবিষ্যতের জন্য এক নতুন আশার আলোও জ্বালাল।