
শেষ আপডেট: 3 June 2023 12:41
দুই অভিনেত্রীকে নিয়ে এর আগে একাধিক কাজ করেছেন পরিচালক। তবে একসঙ্গে দু'জনকে নিয়ে কাজ এই প্রথম। অভিনেত্রীদের নাম চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান। এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্পর্কের গল্প বলতে বর্তমানে টলিউডে এঁর জুড়ি মেলা ভার। সেই কৌশিক যখন দুই বাংলার দু'জন তাবড় অভিনেত্রীকে একই সিনেমায় নিয়ে এলেন, তখন দর্শক মনে এই প্রশ্ন উঠতে বাধ্য যে পরিচালক কীভাবে দু'জনকে সামলালেন শ্যুটিংয়ের সময়। প্রত্যুত্তরে পরিচালক বললেন, 'ওরা দক্ষ অভিনেত্রী। ওদের সামলাতে হয় না।'
কৌশিক জানান, "ওদের সামলাতে হয় না। ওরা নিজেরা এত ভাল অভিনেত্রী আমার সামলানোর প্রয়োজনই পড়েনি। চূর্ণী, জয়া দু'জনকেই আমি সেটে ছেড়ে দিয়েছিলাম। আমি শুধু মনিটরে বসেছিলাম, ওরা অভিনয় করেছে। আমি শুধু কম্পোজিশন, ডায়লগ, ফ্রেমিং - এসব নজরে রেখেছিলাম। বলতে পারো, দুই বাঘিনীর মুখে খাবার দিয়েছিলাম। তারা নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছে। ব্যস!"
'অর্ধাঙ্গিনী' এমন একটা জটিল বিষয়কে নিয়ে, যাকে কেন্দ্র করে ছবি বানানো সোজা নয়। কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায় সেই কঠিন কাজকেই সহজ করে হাজির করেছেন বড়পর্দায়। সে বিষয়ে প্রশ্ন করা হলে পরিচালক বলেন, "আমি চিরকাল এটাই বুঝি যে জটিল বিষয়কে জটিল করে বললে হয় না। সহজভাবে, সরলভাবে গল্প না বললে সাধারণ দর্শক বুঝবে কীভাবে? ওদের জন্যই তো আমার গল্প বলা। আমি 'অর্ধাঙ্গিনী'র মাধ্যমে যে বার্তাটা দিতে চেয়েছিলাম, তা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে বলেই বিশ্বাস করি।"
উল্লেখ্য, জয়া আহসানকে নিয়ে 'অর্ধাঙ্গিনী' কৌশিকের হ্যাটট্রিক ছবি। অভিনেত্রীকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দেখা গেল কৌশিককে। পরিচালক বললেন, "জয়া দুর্দান্ত অভিনেত্রী। এ বাংলার ওর প্রথম কাজ 'আবর্ত'। সেখানে একসঙ্গে অভিনয়ও করেছিলাম। তাই হ্যাটট্রিক না বলে চারটি কাজ বললে বেশি খুশি হব। কারণ আমি নিজেও তো একজন অভিনেতা। জয়ার কাজ আমাদের ঋদ্ধ করেছে, ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে। আমার পরিচালনায় ওর 'বিসর্জন' তো ঐতিহাসিক ছবি হয়ে গিয়েছে। জয়ার অভিনয় দেখলে মনে ভরে যায়।"
পরিচালকের 'বিসর্জন' থেকে 'বিজয়া' হয়ে সর্বশেষ 'অর্ধাঙ্গিনী'। এই তিনটি ছবিতেই জয়া আহসানকে দেখা গিয়েছে বাংলাদেশি মহিলার চরিত্রে। কৌশিকের মতে, "বাংলাদেশের মেয়ে মানেই আমার কাছে জয়া। ওদের মতো বাংলা উচ্চারণ শত চেষ্টা করলেও টলিউডের কোনও অভিনেত্রী আনতে পারবে না। তাই আমার ছবিতে যতবার কোনও বাংলাদেশি মেয়ের চরিত্র থাকবে, আমি চেষ্টা করব জয়াকেই সেখানে কাস্ট করতে।"
প্রাক্তন বনাম বর্তমান, এক জটিল সমীকরণ! কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’র প্রাণ চূর্ণী-জয়া