
শেষ আপডেট: 15 November 2023 12:44
দ্য ওয়াল ব্যুরো: সুখ আর সাফল্যের সাগরে ভাসছেন নায়িকা। পারিবারিক সুখের হাতে হাত ধরেই এসেছে পেশাগত জীবনে সাফল্য। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত তার প্রতিফলন দেখা যাচ্ছে। দিন দুয়েক আগেই ফ্লোরাল প্রিন্টের সাদা শাড়িতে ছবি পোস্ট করেছিলেন। এবার সোনালি অবতার। দীপাবলি মিটতেই অন্যরকম লুকে ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। আপাদমস্তক 'ভারতীয়' সাজে অভিনেত্রীর সেই লুকে মুগ্ধ নেটপাড়া।
দীপাবলিতেই মুক্তি পেয়েছে ক্যাটরিনার ছবি টাইগার ৩। এই সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে সলমান খানকে। সলমন-ক্যাটরিনা জুটির ছবি মুক্তির তিন দিনের মধ্যেই বক্স অফিসে ১০০ কোটির গন্ডি পেরিয়েছে। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি ভিকি ঘরণী চুটিয়ে সংসার করছেন, দীপের আলোয় উদ্ভাসিত তাঁর জীবন। তাই কি ঘন ঘন ছবি পোস্ট?
দীপাবলির দিন শ্বশুরবাড়িতে ছিলেন ভিকি-ক্যাট। সেই উদযাপনে উপস্থিত ছিলেন অভিনেত্রীর বোন ইসাবেলা কাইফ, মা সুজান টারকোটেও। সেদিন সাদা শাড়িতে ভিকির সঙ্গে ছবি দিয়েছিলেন ক্যাটরিনা। তবে শুধু ভিকির বাড়িতেই নয়, নিজেদের বাড়িতে আরব সাগরের ধারে খোলা বারান্দায় দাঁড়িয়ে নিজের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়িকা।
View this post on Instagram
সেই ছবিতে ক্যাটরিনার 'লুক' পরিবর্তন নজর এড়ায়নি নেটিজেনদের। একরঙা সোনালি লেহেঙ্গার সঙ্গে মানানসই ন্যুড মেক আপ। অন্য সময় যেমন খোলা চুল কাঁধের এক-পাশে ফেলে রাখেন নায়িকা, তার বদলে এদিন তাঁর চুল আলগা খোঁপা করে বাঁধা। কপালের পাশ দিয়ে পেলব মুখের উপর ঝুঁকে পড়েছে দু-এক গোছা চুল। কানে ঝুমকো দুল, হাতে ম্যাচিং সোনালি আংটি আর বালা।
অন্ধকারকে পিছনে ফেলে দাঁড়িয়ে ক্যাটরিনা। পাশেই জ্বলছে বাতি। বিলাসবহুল বাড়ির ব্যালকনির রেলিংয়ে জড়ানো হলুদ বৈদ্যুতিক আলো। সবটা মিলিয়ে এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে। এই ছবিগুলিতে ভিকি নেই। 'সোলো' ছবির রানি নায়িকা একাই। ক্যাটরিনা জন্মসূত্রে ভারতীয় নন।অনেকেই বলেন, তাঁর চেহারায় ভারতীয় নারীসুলভ কোমলতার অভাব রয়েছে। কিন্তু দীপাবলির মোমের আলোমাখা ছবি ভক্তদের সেই দুঃখ ভুলিয়ে দেবে। সোনা-রূপে তাঁর দিক থেকে যেন চোখই ফেরানো যাচ্ছে না। ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে প্রশংসার বন্যা বইছে।