
শেষ আপডেট: 7 November 2023 18:14
দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার, ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। মুক্তির আগে ছবিটি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সলমন খান ও ক্যাটরিনা কাইফের অনস্ক্রিন কেমিস্ট্রি আরও একবার চাক্ষুষ করার জন্য অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটি হল, তোয়ালে পরে ক্যাটরিনার অ্যাকশন। শুধুমাত্র তোয়ালে গায়ে জড়িয়ে অ্যাকশন করা চাট্টিখানি কথা নয়, যা বেশ চ্যালেঞ্জিং ছিল অভিনেত্রীর কাছে।
ছবিতে এই দৃশ্যটি কীভাবে দেখানো হবে, সেই নিয়েও জোর আলোচনা চলছে। এরমধ্যেই নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং। সাধারণত ভারতীয় নায়িকাদের তেমন টানটান অ্যাকশন দৃশ্যে সচরাচর দেখা যায় না। তবে ‘এক থা টাইগার’ হোক বা ‘টাইগার জিন্দা হ্যায়’-তে ক্যাটরিনাকে বেশ ভালই ফাইট করতে দেখা গিয়েছে। তবে শুধু তোয়ালে পরে অ্যাকশন হিন্দি ছবির অভিনেত্রী হিসাবে তিনিই প্রথম করলেন, দাবি ক্যাটরিনার।
সিনেমার মাঝে শত্রুর মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ছে হিরো, এ যেন চিরাচরিত। অমিতাভ বচ্চন থেকে সলমন খান, সবাইকেই দেখা গিয়েছে ভিলেনকে এক ঘুসিতে কাত করে দিতে। তবে এখন সেই ট্যাবু ভেঙে গিয়েছে। নায়িকারাও ফাইট করতে সমানভাবে সাবলীল। এর আগে যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যান্য ছবিগুলিতেই ক্যাটরিনা, দীপিকাকে দুর্দান্ত ফাইট করতে দেখেছেন দর্শকরা। এবারও সিনেমাপ্রেমীদের মনোরঞ্জনে কোনও খামতি রাখছেন না নির্মাতারা।
‘টাইগার ৩’-তে তাই সলমনের পাশাপাশি ক্যাটরিনাও বেশ সাহসী অ্যাকশন দৃশ্যে কাজ করলেন। ছবির প্রচারে এসে সেই নিয়েই মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী বললেন, “এটা সত্যি কঠিন ছিল আমার কাছে। কারণ তোয়ালে পরে ঘুষি মারা, লাথি চালানো সত্যিই চ্যালেঞ্জিং। তবে আমার মনে হয় না দু’জন অভিনেত্রীর মধ্যে এমন ফাইটের দৃশ্য আগে কোনও হিন্দি ছবিতে হয়েছে। আমি ঝুঁকি নিতে পছন্দ করি। আর এই যশ রাজ ফিল্মস বারবার আমায় সেই সুযোগ দিয়েছে।”