
শেষ আপডেট: 2 March 2023 09:22
দ্য ওয়াল ব্যুরো: 'ভুল ভুলাইয়া ২' অতীত। এবার আসতে চলেছে 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyaa 3)। আর এবারও ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। আনিস বাজমির পরিচালনায় অভিনেতাকে আবারও দেখা যাবে রুহবাবার (Rooh Baba) চরিত্রে অভিনয় করতে। তবে অন্যান্য চরিত্রে কারা থাকবেন, তা এখনও পরিষ্কার নয়। ছবির প্রযোজনা করবেন টি সিরিজের মালিক ভূষণ কুমার।
উল্লেখ্য, ২০২২ সালে 'ভুল ভুলাইয়া ২' ছবিতেই জীবনের প্রথম সুপারহিট বক্স অফিস কালেকশন পেয়েছিলেন কার্তিক আরিয়ান। সবাই ভেবেছিলেন, বলিউডে আরও এক তারকা চলে এসেছেন। স্বপ্ন দেখা শুরু করেছিলেন কার্তিকও। তবে অভিনেতার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় পরের ছবি 'শেহজাদা'-তেই। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ছবিটি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কার্তিকের কেরিয়ার কি তবে শেষ? কিন্তু না! অভিনেতা বুঝিয়ে দিলেন, এত সহজে বিদায় নেবেন না। আর শিগগিরই তিনি ফিরতে চলেছেন সুপারহিট 'রুহবাবা'র বেশে।
'শেহজাদা' ব্যর্থ হয়েছে। তারপরই আর দেরি না করে নিজের পুরনো সুপারহিট ছবির পরবর্তী ভাগ নিয়ে আসছেন কার্তিক। বুধবার রাতেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করেছেন অভিনেতা। জানিয়ে দিলেন, 'ভুল ভুলাইয়া ৩' নিয়ে শীঘ্রই আসছেন রুহবাবা, অর্থাৎ তিনি। টিজার ভিডিও পোস্ট করে কার্তিক বললেন, গল্প এখনও শেষ হয়নি।
টিজারের শুরুতেই দেখা গিয়েছে ছবির দ্বিতীয় ভাগের সেই চেনা ভূতুড়ে রাজবাড়ি। এরপর ক্যামেরা দর্শককে নিয়ে ধীরে ধীরে ঢুকে গিয়েছে রাজবাড়ির অন্দরে। যেখানে ওই ভূতুড়ে ঘরের ভিতর একটি ইজিচেয়ারে হেলান দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে 'রুহবাবাকে'। তিনি গাইছেন, "আমি যে তোমার"। এরপর হঠাৎই ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, "কী ভেবেছিলেন? দরজা বন্ধ হয়ে গিয়েছে বলে গল্প ফুরিয়ে গিয়েছে? দরজা তো বন্ধ হয় খোলার জন্যই!" এখানেই শেষ নয়। রুহ বাবার বেশে এরপর কার্তিক বললেন, "আমি শুধু আত্মাদের সঙ্গে কথাই বলি না। আত্মারাও আমার মধ্যে প্রবেশ করে।"
গতবছর যখন ছবিটির দ্বিতীয় ভাগ মুক্তি পায়, তখন বলিউডে রীতিমতো ব্যবসায় খরা চলছে। 'দ্য কাশ্মীর ফাইলস' ছাড়া বাকি সব ছবি তখন ফ্লপ। অক্ষয় কুমার, অজয় দেবগণ, সলমন খানের মতো তারকাদের ছবিও তার মধ্যে ব্যর্থ হয়েছে। সবমিলিয়ে বক্স অফিসে রীতিমতো ধুঁকছিল বি টাউন। সেসময় দাঁড়িয়ে কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া ২' ছিল বলিউডের কাছে সাফল্যের চাবিকাঠি। টানা বেশ কয়েক মাস বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল এই সিনেমা। এখন দেখার ছবিটির তৃতীয় ভাগ কার্তিক আরিয়ানের কেরিয়ারে আবার হিট তকমা ফিরিয়ে দিতে পারে কিনা। তার জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সালের দিওয়ালি পর্যন্ত। জানা গেছে, ওইসময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
'এত ভালবাসা আগে পাইনি', নতুন ছবির ট্রেলারে দর্শক প্রতিক্রিয়া দেখে অভিভূত রানি