
শেষ আপডেট: 18 February 2023 10:21
দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান' মুক্তির পর বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছিল, তা বুঝতে পেরে আগেই 'শেহজাদা'র (Shehzada) মুক্তির তারিখ পিছিয়ে দেন নির্মাতারা। কিন্তু এক সপ্তাহ পর রিলিজ হয়েও প্রথম দিন একেবারেই আশানুরূপ ফল (box office) করতে পারল না কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ছবিটি। শুক্রবার মুক্তি পেয়েছে 'শেহজাদা'। আর প্রথম দিনে মোটে সাড়ে ৬ কোটি টাকা আয় করল এই সিনেমা। ফলে একথা বলাই চলে যে, 'শেহজাদা' বক্স অফিসে তেমন কোনও প্রভাব ফেলতে পারেনি।
উল্লেখ্য, ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’-র তুমুল সাফল্যের পর এবছর মুক্তি পেয়েছে কার্তিকের নতুন ছবি ‘শেহজ়াদা’। তাই অভিনেতার ফ্যানদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। তবুও ছবি মুক্তির প্রথম দিনে একপ্রকার ধরাশায়ীই হল ছবিটি। এই ছবির অগ্রিম বুকিং করলে প্রথম দিনের শো-এ একটি টিকিটের সঙ্গে আর একটি মিলবে বিনামূল্যে। অনলাইনে কিনলেই মিলত সেই ছাড়। কিন্তু এতকিছুর পরও সাড়া মিলল না দর্শকদের।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, "শেহজাদা প্রথম দিনের ব্যবসায় হতাশ করল। একটি টিকিটের সঙ্গে আর একটি বিনামূল্যে পাওয়ার অফার থাকা সত্ত্বেও। মাল্টিপ্লেক্স চেইন এবং সিঙ্গেল স্ক্রিন একেবারেই নিস্তেজ। মহাশিবরাত্রির ছুটির দিন হয়তো ব্যবসায় কিছুটা উন্নতি হতে পারে।"
তবে অনেকেই আবার অনুমান করছেন, এই সপ্তাহান্তেও খুব বেশি কিছু করতে পারবে না কার্তিকের ছবি। গত ২৫ জানুয়ারি 'পাঠান' মুক্তির পর প্রায় এক মাস হতে চলল। কিন্তু এখনও বক্স অফিসে ঝড়ের গতিতে ছুটছে শাহরুখ খানের কামব্যাক ছবিটি। তার উপর আবার মুক্তি পেয়েছে অ্যান্টম্যান। ফলত 'শেহজাদা'র ব্যবসাসফল সিনেমা হওয়া একপ্রকার অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
'শেহজাদা'র পারিশ্রমিক ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান! নেপথ্যে কী কারণ