
শেষ আপডেট: 21 February 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: 'অ্যানিম্যাল'-এ অল্প কিছুক্ষণের জন্য একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু ক্ষণিকের দৃশ্যই তাঁকে লাইমলাইটে এনে দেয়। 'অ্যানিম্যাল'-এ পর্দায় রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত তৃপ্তিকে জনপ্রিয় করে তোলে।
এবার 'ভুলভুলাইয়া ৩'-এ কিয়ারা আদবাণীর জায়গায় এলেন তৃপ্তি। ওঁর আসার খবর কার্তিক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন। পোস্ট করলেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারির মাঝে রাখা একটা কার্ড, যেখানে লেখা ভূষণ কুমার ও টিসিরিজ প্রযোজিত ছবি 'ভুলভুলাইয়া ৩'-তে তৃপ্তি দিমরিকে স্বাগত জানানো হচ্ছে।
সূত্রের খবরে কার্তিকের বিপরীতে প্রথম নাম উঠে এসেছিল কিয়ারারই। যেহেতু তিনি 'ভুলভুলাইয়া ২'-তেও ছিলেন। তবে সম্প্রতি উনি 'ডন ৩' ও 'ওয়ার ২'-এ অভিনয় করবেন বলে জানা যায়। তাই হয়তো 'ভুলভুলাইয়া'-তে থাকতে পারছেন না অভিনেত্রী। কার্তিক আরিয়ানের পোস্টে তৃপ্তির কথা জানতে পেরে নেটদুনিয়া ভেসে যাচ্ছে শুভেচ্ছা বার্তায়।
'অ্যানিম্যাল' থেকে তৃপ্তির পরিচিতি হলেও এর আগেও বেশ কিছু ছবিতে ওঁর অভিনয় মনে রাখার মতো। নেটফ্লিক্সের 'কলা' সিনেমায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিপরীতে ছিলেন তিনি। এছাড়াও 'বুলবুল', 'লায়লা মজনু' সিনেমাতেও তিনি অভিনয়ে ছাপ রেখে গেছিলেন।
View this post on Instagram
২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শনের 'ভুলভুলাইয়া'-তে ছিলেন অক্ষয়কুমার, বিদ্যা বালন। হরর কমেডি সিনেমাটি সেসময় দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। তারপর 'ভুলভুলাইয়া ২'-তে কার্তিক ও কিয়ারা চেষ্টা করেন প্রথম ছবিটির মান বজায় রাখতে।
এবার সবাই দেখতে চায় তৃপ্তি কেমন অভিনয় করে! তাঁকে কার্তিকের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখে সবাই যেমন আশ্চর্য, তেমনই ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায়!