
কার্তিক আরিয়ান
শেষ আপডেট: 22 April 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: সাধারণ প্রেমের গল্প, পারিবারিক ড্রামা কিংবা হরর কমেডি ছেড়ে এবার একেবারে ‘নাগলোক’-এর পথে এগোচ্ছেন করণ জোহর। আসছে নতুন ছবি ‘নাগজিলা’, যেখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ ‘সাপ’ সাজতে চলেছেন কার্তিক আরিয়ান। ছবিটি পরিচালনা করছেন ‘ফুকরে’ সিরিজখ্যাত মৃগদীপ সিং লাম্বা। মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট, ২০২৬, অর্থাৎ নাগপঞ্চমীর দিন।
সম্প্রতি ইনস্টাতে, ছবির মোশন পোস্টার শেয়ার করেন করণ জোহর। দেখা যায়, একটি গুহা থেকে শহরের দিকে তাকিয়ে আছেন খালি গায়ে, নীল জিন্স পরা কার্তিক। তার চারপাশে এঁকেবেঁকে রয়েছে সহস্র সাপ। ধীরে ধীরে, কার্তিকের শরীরের উপরের অংশ বদলে যাচ্ছে সবুজ রঙে, পাল্টে যাচ্ছে সাপের মতো চামড়ায়।
প্রতিক্রিয়া
এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই একে বলছেন ‘ধর্মা প্রোডাকশনের একতা কপুরিকরণ!’ একজন লিখেছেন, “একতা কাপুরের পেটেই তো লাথি মেরে দিলে!” আবার অনেকে করণের পুরনো সিনেমার নস্ট্যালজিয়ায় ভুগে বলছেন— ‘না প্লিজ! ফিরে এসো তোমার পুরোনো ফর্মে— কুছ কুছ হোতা হ্যাঁয়, কভি খুশি কভি ঘম, কাপুর অ্যান্ড সন্স-এর মতো হৃদয় ছোঁয়া সিনেমাগুলো ফিরে চাই।’ একজন তো লিখেই ফেলেন, ‘এটা কি এপ্রিল ফুলের মজা নাকি?’ আরও কিছু নেটিজেন ছবির মুক্তির তারিখ নিয়ে অবাক। কেউ লিখেছেন, ‘এত আগে জানিয়ে দিলেন কেন?’
View this post on Instagram
পুরনো মনকষাকষির ইতি
ধর্মা প্রোডাকশনের সঙ্গে কার্তিক আরিয়ানের সম্পর্ক একসময় তিক্ত হয়ে উঠেছিল। ‘দোস্তানা ২’ নিয়ে কাজ শুরু হলেও, মাঝপথেই তাঁকে বাদ দেওয়া হয়। সিনেমাটিও পরে বন্ধ হয়ে যায়। কিন্তু পুরনো সব মনোমালিন্য ভুলে অবশেষে ধর্মার ব্যানারে ফিরছেন কার্তিক, তাও একেবারে নাগরূপে!
কার্তিক ও করণের সাম্প্রতিক প্রোজেক্ট
২০২৪ সালে কার্তিক শেষ দেখা গিয়েছিলেন ‘ভুলভুলাইয়া ৩’-তে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন তৃপ্তি দিমরি, বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত। ২০২৫ সালে অক্টোবর মাসে মুক্তি পাবে আশিকী ৩, যেখানে তাঁর বিপরীতে থাকবেন শ্রীলীলা, পরিচালনায় অনুরাগ বসু। অন্যদিকে, করণ জোহর ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার অভিনীত ‘কেসরি-২’ ছবির প্রচারে। ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে এবং দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। সব মিলিয়ে, ‘নাগজিলা’ হতে চলেছে একেবারে ব্যতিক্রমী ধর্মা সিনেমা— নাগলোকের অ্যাকশন, মজাদার সংলাপ, আর এক অভিনব কার্তিককে দেখার জন্য তৈরি থাকুন!