.jpg)
কেন রেগে গেলেন করিনা?
শেষ আপডেট: 20 January 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খান হাসপাতালে। এমতাবস্থায় এতদিন দুই সন্তানকে নিয়ে দিদি করিশ্মা কাপুরের বাড়িতেই থাকছিলেন করিনা। সদ্য বাড়ি ফিরেছেন তিনি। তবে বাড়ি ফিরেই ক্ষোভ উগরে দিলেন তিনি। কড়া ভাষায় প্রশ্ন করলেন বেশ কয়েকটি। তবে সেই প্রশ্নের কয়েক মুহূর্ত পরেই মুছে দিলেন পোস্ট। কী এমন লিখেছিলেন তিনি?
করিনা পোস্ট মুছলেও তাঁর স্ক্রিনশটটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। একটি সংবাদমাধ্যমের ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, জেহ ও তৈমুরের জন্য খেলনা নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উদ্দেশে, তাও ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজি। ব্যক্তিগত বলে যেন কিছুই নেই।

সেই ভিডিয়ো শেয়ার করেই করিনা লেখেন, "বন্ধ করুন। মন-টন নেই আপনাদের? আমাদের একা ছেড়ে দিন, ভগবানের দিব্যি।"
যদিও পরমুহূর্তেই সেই ভিডিয়ো মুছে দেন তিনি। দিন কয়েক আগেই আক্রান্ত হয়েছে সইফ আলি খান। অনেকেরই দাবি, পাপারাৎজির বাড়ির সামনে অহরহ যাতায়াতের কারণেই তারকাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাঁরা কী করছেন, কোথায় যাচ্ছেন, এ সবই ফাঁস হয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে।
এমনকি তাঁদের বাড়ির নকশাও আজ আর ব্যক্তিগত নয়। আর সেই কারণেই তারকদের উপর হামলার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এবার বিরক্ত করিনা। তাঁর শুধু একটাই চাওয়া, 'আমাদের ছেড়ে দিন। একা থাকতে দিন।" এই মুহূর্তে হাসপাতালে ভর্তি সইফ আলি খান। আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। সব ঠিক থাকলে দিন দুয়েকের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাঁকে।