.webp)
করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু
শেষ আপডেট: 21 June 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভার। ২০১৬ সালে অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে তাঁর বিয়ে হয়। বাঙালিকন্যার সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন করণ। ২০২১ সালে বিপাশা-করণের জীবনে এসেছে তাঁদের একমাত্র কন্যা দেবী। মেয়েকে নিয়ে হামেশাই সোশ্যাল পেজে ছবি দেন তারকা দম্পতি।
বিপাশার সঙ্গে করণের বিয়েটা খুব একটা সহজ ছিল না। হয়েতো অনেকেরই অজানা, করণ সিং গ্রোভারের তৃতীয় স্ত্রী বিপাশা বসু। এর আগে দু'বার বিয়ে করেছেন অভিনেতা। কিন্তু কোনও বিয়েই টেকেনি। ফলে করণকে বিয়ের করার সিদ্ধান্ত নেওয়ায় প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছিল বিপাশার পরিবার। যদিও শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতেই সাতপাকে বাঁধা পড়েন করণ-বিপাশা।
বিপাশার আগে ২০০৮ সালে অভিনত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করণ। মাত্র ১০ মাসের মধ্যেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর ‘দিল মিল গ্যায়ে’-র ‘ডক্টর আরমান’ ওরফে করণ সিং গ্রেভার ওই সিরিয়ালেরই অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দু’বছর পরই জেনিভার সঙ্গে করণের ডিভোর্স হয়ে যায়। তারপর ‘অ্যালোন’ ছবিতে বিপাশার সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় পা রাখেন করণ। শোনা যায়, শুটিং চলাকালীন দুজনেরই মধ্যে প্রেম শুরু হয়। যা পরবর্তীতে বিবাহে পরিণতি পায়।
দু'বার বিবাহ-বিচ্ছেদ নিয়ে সেভাবে কখনোই করণকে প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বার বার সম্পর্ক ভাঙার ঘটনায় কীভাবে নিজেকে সামলেছেন অভিনেতা? তাঁর কথায়, "যা হয় ভালোর জন্যই হয়। ব্রেকআপ বা ডিভোর্সের মধ্যে তো আর ভালো কিছু নেই। হ্যাঁ, পরে যখন মানুষ বুঝতে পারে তখন তাঁরা সামনের দিকে এগিয়ে যায়। তাঁরা বুঝতে পারে যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে।"
এখানেই শেষ নয়, করণ আরও বলেন, "আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত বিষয় নিয়ে আমি কখনওই কারও সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি। কারণ আমিও আশা করি না যে অন্যরা তাঁদের জীবনের সমস্ত কথা আমায় বলবে। সব মানুষেরই জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ধরন আলাদা হয়। আমি আমার মতো করে চেষ্টা করেছি।”
বিপাশা বসুকে বিয়ে করার পর তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে বলে জানান করণ। তাঁর মতে, স্ত্রী বিপাশার জন্যই তিনি আজ নিজেকে নতুনভাবে চিনতে পেরেছেন। আগের চেয়ে এখন অনেকটাই নিয়মানুবর্তিতায় বাঁধা করণের জীবন। রাতে দীর্ঘক্ষণ না জেগে তিনি এখন রোজই ভোর ৪টে ঘুম থেকে উঠে পড়েন। আর বিপাশার জন্যই সবকিছু সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ‘ফাইটার'-এর অভিনেতা।