
শেষ আপডেট: 5 July 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মুক্তি পেয়েছে করণ জোহরের পরবর্তী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ট্রেলার। যা বেশ পছন্দ করেছেন দর্শকরা। রণবীর সিং এবং আলিয়া ভাটের জুটিও মনে ধরেছে সবার। আগামী ২৮ জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। তবে এরমধ্যে হঠাৎই এই সিনেমায় শাহরুখের ক্যামিও নিয়েই জল্পনা শুরু হয়েছে।
করণ জোহরের পরিচালনায় প্রথম ছবিতেই হিরো ছিলেন তিনি। শেষ ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’-এও অভিনেতার ক্যামিও তুমুল জনপ্রিয় হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই গুঞ্জন শুরু হয়েছে যে করণের নতুন ছবিতেও শাহরুখকে এক ঝলক হলেও দেখা যেতে পারে।
তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন করণ। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ‘রকি অউর রানি…’তে শাহরুখ অভিনয় করেননি। তবে ওর ভালবাসা আর আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে রয়েছে। করণ বলেন, “শাহরুখ আমার পরিবারেরই অংশ। ছবির ঘোষণার পর ও সবার আগে শুভেচ্ছা জানিয়েছিল। অভিনয়ও করতে চেয়েছিল। কিন্তু ওর অভিনয়ের মতো কোনও চরিত্র নেই। আর জোর করে ওকে ক্যামিও চরিত্রে আনতে চাইনি। এতে গল্পেরই ক্ষতি হত।”
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতেও শাহরুখকে দেখা যায়নি। তবে সেই ছবিতে কাজলকে একটি বিশেষ দৃশ্যে দেখা গিয়েছিল। পরিচালকের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই মন ভেঙেছে ভক্তদের। তবে তারপরেও নতুন খুশির খবর দিয়েছেন করণ। তিনি বলেছেন, “শাহরুখ সিনেমায় নেই এটা ঠিকই। কিন্তু দর্শকদের সারপ্রাইজ দেওয়ার জন্য তিনটি স্পেশ্যাল ক্যামিও রয়েছে ছবিতে। কারা রয়েছেন তা এখনই জানাতে চাই না। এর জন্য সিনেমাহলে যেতে হবে।”
উল্লেখ্য, করণ জোহরের এই নতুন ছবির স্টারকাস্ট বিশাল। ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন ছবিতে। এছাড়াও টলিউডের টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় রয়েছেন নায়িকা, অর্থাৎ আলিয়ার বাবা-মা’র ভূমিকায়।
'রকি অউর রানি'র ট্রেলার সামনে এল, পরিবার অদলবদল করে চিন্তিত রণবীর, আলিয়া বললেন, 'খেলা হবে'