
শেষ আপডেট: 24 May 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের (Karan Johar) আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তি পাবে আগামী জুলাই মাসে। তার আগে বৃহস্পতিবার মুক্তি পাবে ছবির ফার্স্ট লুক। বুধবার নিজের পরিচালিত সব সিনেমার ছোট ছোট দৃশ্যের মন্তাজ পোস্ট করে এই ঘোষণা করলেন করণ। একইসঙ্গে জানালেন এই ২৫ মে দিনটি তাঁর কাছে খুবই স্পেশ্যাল। তাই নিজের আগামী ছবির ফার্স্ট লুক ঘোষণার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন তিনি।
করণ জানিয়েছেন, ২৫ মে তাঁর পরিচালনার (film director) জগতে ২৫ বছর পূর্ণ হবে (completes 25 years)। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়'। এরপর একে একে 'কভি খুশি কভি গম', 'কভি আলবিদা না কেহনা', 'মাই নেম ইজ খান'-এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। বলিউডে তাঁর অবদানও নেহাত কম নয়। করণের হাত ধরেই বি টাউন পেয়েছে তরুণ প্রজন্মের তিন সুপারস্টারকে। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা- করণ জোহরের পরিচালনায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে একসঙ্গে এই তিনজন পা রেখেছিল বলিউডে।
পরিচালকের শেষ সিনেমা 'অ্যায় দিল হে মুশকিল' মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। বক্স অফিসে সে ছবি তেমন সাফল্য পায়নি। রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মারা ছাড়াও ছবিতে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ খান। বড় স্টারকাস্ট থাকা সত্ত্বেও গল্পে তেমন জোর না থাকায় মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এরপর পরিচালনা থেকে সাময়িক বিরতি নেন করণ।

এরপরই ২০২১ সালে হঠাৎই খবর ছড়ায় যে, ফের পরিচালকের আসনে বসতে চলেছেন করণ জোহর। তারপর থেকেই করণের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন সেই ছবির মুক্তির। অবশেষে জানা যায়, আগামী জুন মাসেই মুক্তি পাবে ছবিটি। আর বুধবার সকালে পরিচালক জানালেন ছবির ফার্স্ট লুক মুক্তির কথা। নিজের সমস্ত ছবির কিছু কিছু দৃশ্য ও শ্যুটিংয়ের মুহূর্তের মন্তাজ বানিয়ে পোস্ট করেন তিনি। এর পাশাপাশি নতুন সিনেমার শ্যুটিংয়ের কিছু মুহুর্তও পোস্ট করেছেন করণ।
সেই ফুটেজে দেখা গিয়েছে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হৃত্বিক রোশন, করিনা কাপুর, রানি মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের। এর পাশাপাশি নতুন ছবির শ্যুটিংয়ের দৃশ্যগুলিতে আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্ররাও নজরে এসেছেন। সেই ভিডিওর শেষেই পরিচালক জানিয়েছেন, পরিচালনার জগতে নিজের ২৫ বছর পূর্তির দিনেই আগামী ছবির টিজার মুক্তি পাবে।
সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "পরিচালকের চেয়ারে আমি যে ২৫ বছর কাটিয়েছি, তার জন্য কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নেই। আমি শিখেছি, আমি বড় হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি- আমি বেঁচে আছি। আগামীকাল, আমার হৃদয়ের আর একটি টুকরো আপনাদের সামনে নিয়ে আসব। আগামীকাল দেখা হবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র সঙ্গে। যা ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।"
‘উরফির ড্রেসিং সেন্স পাতে দেওয়ার যোগ্য নয়!’ করিনার শো-তে দাবি রণবীর কাপুরের