
কঙ্গনা রানাওয়াত
শেষ আপডেট: 9 April 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো: নতুন বিতর্কের মুখে কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মানালির বাড়িতে এক লক্ষ টাকার বিদ্যুৎ বিল—আর তাতেই চটে গেলেন অভিনেত্রী। একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্য প্রশাসনের। ‘আমি থাকি না, তবু বিল আসে লক্ষ টাকার! কীভাবে সম্ভব এটা?' প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি মান্ডির একটি অনুষ্ঠানে হাজির ছিলেন কঙ্গনা। সেখানেই বক্তৃতার মাঝে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এই মাসে আমার মানালির বাড়ির বিদ্যুৎ বিল এসেছে এক লক্ষ টাকা! অথচ আমি তো থাকিই না সেখানে! কী দুঃখজনক পরিস্থিতি, ভাবতেই খারাপ লাগছে।’ তিনি আরও বলেন, ‘এই অবস্থা থেকে হিমাচলকে মুক্ত করতে হবে। আমাদের সবাইকে একজোট হয়ে ভাবতে হবে।’
বলিউডে বরাবরই নিজের সোজাসাপ্টা মন্তব্যের জন্য পরিচিত কঙ্গনা। নেপোটিজ়ম হোক বা ইন্ডাস্ট্রির রাজনীতি—প্রতিটি বিষয়ে অকপটে মুখ খুলেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। ২০২৪ সালের লোকসভা ভোটে মান্ডি থেকেই প্রার্থী হয়েছেন তিনি। সেই সূত্রেই রাজনীতিতে নতুন ইনিংস শুরু হলেও, সাধারণ মানুষের সমস্যায় বারবার সরব হয়েছেন কঙ্গনা।
অভিনেত্রী দাবি করেছেন, তিনি বুঝতেই পারছেন না এমন অস্বাভাবিক বিল কীভাবে এল। তিনি চান, এই বিষয়টি নজরে রাখুক স্থানীয় মানুষও। তাঁর কথায়, ‘এই ধরনের অনিয়ম দেখে আমি নিজেই লজ্জিত। পরিবর্তন ছাড়া আর কোনও পথ নেই।’কেন এই অতিরিক্ত বিল, তা নিয়ে তদন্ত হবে কি না—সে নিয়ে এখনই কিছু জানা যায়নি। তবে কঙ্গনার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে মান্ডির রাজনীতিতে।