
শেষ আপডেট: 2 October 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছু বছরে বলিউডে একটি ট্রেন্ড দেখা গিয়েছে। অনেকের মতে, বলিউডে যে অভিনেতা অভিনেত্রীরা কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাঁরা এমন কিছু ছবি বেছে নিচ্ছেন যেগুলিকে অনায়াসে জাতীয়তাবাদী ছবি হিসেবে বর্ণনা করা যায়। এই তালিকায় প্রথমেই মনে পড়ে অক্ষয় কুমার এবং কঙ্গনা রানাউতের নাম। মোদী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই অভিনেতা। অক্ষয় যদিও রাজনৈতিক বিষয়ে বিশেষ মন্তব্য করেন না তবে শাসক দলের হয়ে প্রায়ই মুখ খোলেন কঙ্গনা।
এবার সেই সমীকরণ মেনেই দেশভক্তির নিদর্শন দেখালেন কঙ্গনা তাঁর আসন্ন ছবিতে। সোমবার গান্ধীজয়ন্তীর দিনই মুক্তি পেল কঙ্গনার আসন্ন ছবি 'তেজস'-এর টিজার। এই ছবিতে একজন বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। তেজস গিল নামের এক যুদ্ধবিমান চালকের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে কঙ্গনাকে। প্রসঙ্গত, এই ছবিতে কঙ্গনার মুখে শোনা যাবে 'ভারতকো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি', অর্থাৎ 'ভারতকে বিরক্ত করলে ছাড়ব না'।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
সংলাপ থেকেই স্পষ্ট এই ছবি পুরোদস্তুর অ্যাকশন ছবি হতে চলেছে। চলতি বছরে বলিউডের ট্রেন্ড বলছে রোমান্টিক ছবির তুলনায় অ্যাকশন ছবিই বলিউডের বাজার কাঁপাচ্ছে। সেই ফর্মুলা মেনেই কঙ্গনাও এবার নাম লেখালেন অ্যাকশন ছবিতে। যদিও কঙ্গনার শেষ কয়েকটি ছবি একেবারেই ভাল ব্যবসা করতে পারেনি। তার উপর বলিউডের প্রায় সকলের সঙ্গেই তাঁর বিবাদের ফলে যেন আরও কোণঠাসা হয়ে গিয়েছেন অভিনেত্রী। অনেকেই বলেন কঙ্গনার এমন আচরণের কারণেই দর্শকের কাছেও তিনি হাসির খোরাক হয়ে গিয়েছেন।
এই পরিস্থিতিতে 'তেজস' কি কঙ্গনার সুদিন ফেরাতে পারবে? সেই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সব মহলে। আগামী ২৭ অক্টোবর অর্থাৎ এ মাসের শেষের দিকেই মুক্তি পাবে 'তেজস'। তার আগে ৮ অক্টোবর ভারতীয় এয়ারফোর্স দিবসের দিনই মুক্তি পাবে 'তেজস'-এর ট্রেলার।