
শেষ আপডেট: 26 October 2023 19:51
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, শুক্রবার মুক্তি পাবে ‘তেজস’। ঠিক তার আগে বৃহস্পতিবার সকালে ছবির সাফল্য কামনায় অযোধ্যায় গিয়ে রামলালা দর্শন করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভগবান শ্রী রামের জন্মস্থানে মন্দির তৈরির কাজ বর্তমানে শেষ পর্যায়ে। এখন একটি অস্থায়ী মন্দিরে পূজিত হচ্ছেন রামলালা। বৃহস্পতিবার সেখানেই গিয়েছিলেন কঙ্গনা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘তেজস’-এর পাশাপাশি রামমন্দির নিয়েও কথা বলেছেন তিনি।
কঙ্গনা বলেন, “খ্রিস্টানদের কাছে ভ্যাটিকান সিটির যা মাহাত্ম্য, হিন্দুদের কাছে অযোধ্যাও ঠিক একইরকম। এই রামমন্দির হিন্দুদের সবচেয়ে বড় পবিত্র তীর্থস্থান হিসাবে চিহ্নিত হবে। বিগত কয়েক শতাব্দী ধরে এদেশের হিন্দুরা যে স্বপ্নটা দেখে এসেছে, অবশেষে তা পূরণ হতে চলেছে। ভারতের সনাতন হিন্দু সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক হবে এই রামমন্দির।” বলিউড অভিনেত্রীর এই কথা যে অযোধ্যার রামমন্দির নিয়ে উৎসাহ আরও বাড়িয়ে দিল, তা বলাই যায়।
#WATCH | Actor Kangana Ranaut seeks blessings from Lord Ram Lalla at Shri Ram Janmbhoomi Kshetra in Uttar Pradesh's Ayodhya pic.twitter.com/kSZqRdsnxB
— ANI (@ANI) October 26, 2023
এর পাশাপাশি কঙ্গনা জানিয়েছেন, তাঁর ছবি ‘তেজস’-এ রামমন্দিরের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ছবি মুক্তির আগে তিনি সেখানে এসেছেন। অভিনেত্রী বলেন, “আমি শ্রী হরি বিষ্ণুর ভক্ত, তাঁর আশীর্বাদপ্রাপ্ত। আজ আমি শ্রী হরি বিষ্ণুর অবতার মহান ধনুর্ধারী, তেজস্বী যোধা, তপস্বী রাজা, মর্যাদাপুরুষোত্তম শ্রী রামের জন্মভূমি দেখতে পেয়েছি। ‘তেজস’-এ রাম জন্মভূমির একটি বিশেষ ভূমিকা রয়েছে, তাই রামলালার দর্শন করতে এলাম।”
View this post on Instagram
উল্লেখ্য, এবছর দশেরার দিনই কঙ্গনাকে দিল্লির বিখ্যাত লব-কুশ রামলীলায় রাবণ-দহন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে। তিনিই প্রথম কোনও মহিলা, যিনি তির ছুড়ে রাবণকে আগুনে পোড়ালেন। সেখানে গিয়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনিও তুলেছিলেন অভিনেত্রী। বর্তমানে সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।