.webp)
অলিম্পিকের উদ্বোধন দেখে রেগে লাল কঙ্গনা
শেষ আপডেট: 28 July 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্য ভাষণে বরাবরই ঠোঁটকাটা কঙ্গনা রানাওয়াত। রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ির আগে থেকেই দেশ-বিদেশের নানান বিষয়ে বিতর্কিত মন্তব্যে শিরোনামে উঠে এসেছেন তিনি। এমনকী সেইসব বিতর্কিত পোস্টের জেরে তাঁর নামে এফআইআর পর্যন্ত দায়ের হয়েছে। তবুও নিজের অবস্থান থেকে একচুলো নড়েননি বলিউডের 'কুইন'। আর এবার তারকা সাংসদের নিশানায় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ কঙ্গনা। তাঁর প্রশ্ন, ‘সেক্স কি বেডরুমে সীমাবদ্ধ রাখা যায় না?’
কিন্তু কেন কঙ্গনা এত রেগে গেলেন? আসলে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাগ কুইন থিমে প্যারোডি প্রদর্শন করা হয়েছিল। যার থিম ছিল “দ্য লাস্ট সাপার”। যিশুখ্রীষ্টের শেষ ভোজ নিয়ে এই ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তার ভিত্তিতেই অলিম্পিকে ওই প্যারোডি উপস্থাপিত করা হয়। আর সেই অনুষ্ঠানেরই কড়া সমালোচনা করেছেন বিজেপির মান্ডির সাংসদ।
ইন্সটাগ্রাম পোস্টে কঙ্গনা রানাউত ওই অনুষ্ঠানকে “হাইপার সেক্সুয়ালাইজড” বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, "ড্রাগ কুইনদের অনুষ্ঠানে শিশুদের ব্যবহার করা হয়েছে। একজন নগ্ন ব্যক্তিকে নীল রঙ করে তাঁকে যিশুখ্রীষ্ট হিসাবে উপস্থাপিত করা হয়েছে এবং খ্রিস্টান ধর্মকে উপহাস করেছে।"
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি 'বামেরা হাইজ্যাক করেছে' বলেও তোপ দাগেন কঙ্গনা। সঙ্গে তিনি আরও লেখেন, “ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সবকিছুতেই সমকামিতার জয়গান, আমি সমকামিতার বিরুদ্ধে নই, কিন্তু আমি বুঝতে পারছি না অলিম্পিকের সঙ্গে যৌনতার কী সম্পর্ক। সেক্স কি বেডরুমে থাকতে পারে না?”
যদিও শুধু কঙ্গনা নয়, প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। খ্রিস্ট ধর্মের অপমান করেছে অলিম্পিক কমিটি, এই অভিযোগে তোলপাড় নেটনাগরিকদের একাংশ। এমনকী অনেকে সমগ্র অনুষ্ঠানটিকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন।