
ফাইল চিত্র
শেষ আপডেট: 13 December 2024 22:40
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগে শুক্রবার তারকাকে গ্রেফতার করা হয়। ১৪ দিনের জেল হেফাজত হলেও কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন। সেই নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও, প্রত্যেকেরই এই বিষয়ে দায়িত্বশীল থাকা দরকার। এটি খুবই দুর্ভাগ্যজনক। আমি আল্লু অর্জুনের বড় ভক্ত। তবে এটাও সত্যি যে মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা করা কারও অধিকারে নেই।'
অভিনেত্রী আরও বলেন, 'আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে, তারকা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। শুধুমাত্র যে কেউ সমাজের উঁচু জায়গায় আছে বলে, সে জামিন পেয়ে যেতে পারে, এটা ভাবা ভুল। তাই সেই দায়িত্ব এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়।'
জানা গিয়েছে, হাইকোর্ট যখন মামলাটির শুনানি চলছিল, তখন একটি মেজিস্ট্রেট কোর্ট তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে দেয়। তারপর বিভিন্ন ঘটনার উল্লেখ করে শুনানি শেষে স্বস্তি পান অভিনেতা। মেলে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন।