
শেষ আপডেট: 4 January 2021 10:29
এই মুহূর্তে কঙ্গনা ভীষণই এক্সাইটেড নতুন সিনেমা নিয়ে। তাঁর দাবি ভারতে এই প্রথম বিশ্বমানের স্পাই থ্রিলার আসতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্রু মেম্বারদের সম্পর্কে কিছুটা ধারণাও দিয়েছেন তিনি।
কঙ্গনা লিখেছেন, "'ধাকাড়'য়ের জন্য আমাদের মাঝে ছিল বিখ্যাত ফরাসি ফটোগ্রাফি ডিরেক্টর তেৎসুও নাগাতা। 'লা ভিয়ে এন রোজ'-এর কাজের জন্য যিনি একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তাছাড়াও আন্তর্জাতিক অ্যাকশন ক্রু মেম্বাররাও যুক্ত ছিলেন এই সিনেমার সঙ্গে। সব মিলিয়ে রাজি ঘাইয়ের 'ধাকাড়' ওয়ার্ল্ড ক্লাস স্পাই থ্রিলার হতে চলেছে।"
২০২০ সালেই মুক্তি পেয়েছিল 'ধাকাড়'-এর টিজার। টিজারেই দেখা গিয়েছিল কঙ্গনার দুর্ধর্ষ অভিনয়। কঙ্গনার অভিনয়ে কোনওদিন একঘেয়েমি থাকে না। বরং যেকোনও ভূমিকাতেই তিনি অভিনয় দিয়ে নজর কেড়ে নেন দর্শকদের।
https://youtu.be/3pjsudrqMdI
কথা ছিল, ২০২০ সালের দীপাবলিতেই মুক্তি পাবে 'ধাকাড়'। কিন্তু করোনা আবহে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় মুক্তি পায়নি সেই ছবি। তবে ২০২১ সালে শুভদিন দেখে যে রিলিজ করবে, তার কিছুটা ইঙ্গিত নিজেই দিলেন অভিনেত্রী।
বেফাঁস মন্তব্যের কারণে এবছর খবরের শিরোনামে থাকা কঙ্গনা রানাওয়াত অনেকের চক্ষুশূল হলেও, তিনি আসলে যে একজন অসম্ভব ভাল অভিনেত্রী, একথা অনেকেই ভুলতে বসেছেন। ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবিতে তাক লাগানো অভিনয়ে তিনি প্রতিবার চমকে দিয়েছেন প্রত্যেককে। নতুন বছরে 'ধাকাড়' ছাড়াও মুক্তি পাবে 'থালাইভি' এবং 'তেজাস'। এখন শুধু দেখার অপেক্ষা অভিনয় দিয়ে আরও একবার সকলের মন ভোলাতে পারেন কিনা কঙ্গনা।