
শেষ আপডেট: 7 March 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসার পর ৬ মার্চ কাঞ্চন শ্রীময়ীর বউভাত সম্পন্ন হল। সন্ধেটা ছিল তারকাখচিত। কাছের বন্ধুবান্ধব সহ উপস্থিত ছিল টেলিভিশনের দুনিয়ার তারকারা, এমন কী শ্রাবন্তী চ্যাটার্জিও। প্রেম থেকে রেজিস্ট্রি সমস্তটাই গোপনেই সারবে ভেবেছিলেন এই জুটি। তবে এত বড় খবর তো আর লুকিয়ে রাখা যায় না! হাওয়ায় ভেসে ঠিক চলে আসে সংবাদমাধ্যমের কানে।
সবার সামনে সত্যিটা চলে আসার পর আর লুকোছাপা করেননি দুজনেই। সোশ্যাল মিডিয়াকে অস্ত্র বানিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে, বিয়ে, মালাবদল, সিঁদুরদান, বাসর রাত, ভাতকাপড় সমস্ত ভিডিও পোস্ট করেন শ্রীময়ী চট্টরাজ। এই পর্যন্ত সবটা ঠিকই ছিল, গণ্ডগোল করে ফেললেন বউভাতের দিন। সেখানে রাখা একটা বোর্ডের ছবি ইতিমধ্যে ভাইরাল হল। যেখানে লেখা, ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’।
মুহূর্তে ভাইরাল হয় সেই বোর্ডের ছবি। শ্রীলেখা মিত্র, জিতু কামালের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানান। জিতু একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা, 'ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট আলাওড'। ইংরেজদের শাসনকালে যেকোনো রেস্তোরাঁর সামনে এই কথা লেখা থাকত। এরসঙ্গেই কাঞ্চন শ্রীময়ীর মানসিকতার তুলনা করেছেন অভিনেতা।
মিডিয়াকে বিয়ের ভেন্যুতে জায়গা না দেওয়া এই প্রথম নয়। এ আগেও বলিউডে অনেক বড় বড় বিয়েতে এরকম হয়েছে। আলিয়া-রণবীর, ক্যাটরিনা-ভিকি, সিদ্ধার্থ-কিয়ারা, বর্তমান সময়ে হওয়া অনেক বিয়েতেই দেখা গিয়েছে, মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। তবে নবদম্পতি পাপারাজ্জিদের জন্য নিজেরা বেরিয়ে এসেছেন, ছবি তোলার সুযোগ করে দিয়েছেন। এরকম ভাবে বোর্ড টাঙিয়ে বার্তা কেউই দেননি তাঁরা!
১০ জানুয়ারি প্রাক্তন স্ত্রী পিঙ্কির থেকে ডিভোর্স পাওয়ার পরই কাঞ্চন জানিয়ে দেন শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের কথা। শ্রীময়ীর সঙ্গে পরকিয়াই ওঁদের সম্পর্কের ভাঙনের কারণ বলে জানিয়েছেন পিঙ্কি নিজেই। তারপর এই তৃণমূল বিধায়ক তৃতীয়বারের জন্য সাতপাকে বাধা পড়েন শ্রীময়ী চট্টরাজের সঙ্গে।