1.png)
কৃষভি
শেষ আপডেট: 30 April 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: দর্শকের যেন আর তর সইছিল না। কবে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ তাঁদের মেয়ের ছবি সামনে আনবেন, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে অক্ষয় তৃতীয়ার দিনই প্রকাশ্যে এল ছোট্ট কৃষভির ছবি। আজ অর্থাৎ বুধবার কৃষভির মুখে-প্রসাদের অনুষ্ঠান। এই বিশেষ দিনেই দ্য ওয়ালের কাছে এসে পৌঁছল, বিধায়ক কন্যার ছবি। আজ কৃষভির মুখে-প্রসাদ। দ্য ওয়ালকে দু'দিন আগেই কাঞ্চন জানিয়েছিলেন। তাঁদের পরিবারে মুখেভাতের নিয়ম নেই। সেই কারণেই ইস্কন মন্দিরে গিয়ে মেয়ের মুখে ঠাকুরের প্রসাদ তুলে দেবেন তাঁরা।
সেই মতোই এ দিন সকাল সকাল মায়ের সঙ্গে ম্যাচিং শাড়ি পরে ছোট্ট কৃষভি বাবা-মায়ের কোলে চেপে পৌঁছে যায় ইস্কন। নিয়ামানুযায়ী বাচ্চার সামনে থালায় সাজিয়ে দেওয়া হয় টাকা, মাটি, বই, গীতা পেন-সহ আরও নানা সরঞ্জাম। জানা গিয়েছে এ দিন ছোট্ট কৃষভি এত সব কিছুর মধ্যে থেকে তুলে নিয়েছে গীতা। জাঁকজমক নয়, বরং সাদামাঠা ভাবেই পালিত হচ্ছে তার এই বিশেষ দিন।
মুখে- প্রসাদে একগুচ্ছ উপহারও পেয়েছে কৃষভি। সোনার হার দিয়েছে দিদা। বাবা কিনেছেন গলার চোকার-নেকলেস। আর মা শ্রীময়ী গড়িয়ে দিয়েছেন সোনার গয়না। এর আগে মেয়ের মুখেপ্রসাদ নিয়ে দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন কাঞ্চন। তিনি বলেন, "বাড়িতে গোপাল আছে, তাই অন্নপ্রাশন হয় না। তাই ঠিক করেছি পরশুদিন ইস্কনে গিয়ে ঠাকুরের প্রসাদ দেব। আশা করছি, এরপরেই মেয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারব।"
গত বছরের শেষে জন্ম নেয় কৃষভি। ছয় মাস অতিক্রম করেছে সে। তাকে শ্রীময়ীর মায়ের দায়িত্বে রেখে চুটিয়ে কাজ করছেন কাঞ্চন ও শ্রীময়ী। নতুন ধারাবাহিক শুরু করেছেন শ্রীময়ী। ওদিকে কাঞ্চনের হাতেও পরপর ছবির কাজ। কিছু দিন আগে অতিরিক্ত কাজের চাপ অসুস্থ হয়েছিলেন কাঞ্চন। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। তবে এখন অনেকটাই ভাল আছেন এই বিধায়ক-অভিনেতা।