
শেষ আপডেট: 9 July 2023 08:35
দ্য ওয়াল ব্যুরো: আক্রমণ করেননি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে। অপমান করেননি বিশেষ কোনও রাজনৈতিক ব্যক্তিকেও (Political Leaders)। শুধুমাত্র শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে টেনে এনেছিলেন রাজনৈতিক নেতাদের শিক্ষার প্রসঙ্গ। আর তাতেই বিপাকে পড়লেন অভিনেত্রী কাজল (Kajol)। শুরু হল ভয়ানক ট্রোলও। বলিউডে (Bollywood) এত বছরের কেরিয়ারে এমন অপমান আগে কখনও প্রত্যক্ষ করেননি অভিনেত্রী। শেষে চাপের মুখে নিজের বক্তব্য নিয়ে যুক্তি দিলেন ‘সেনোরিটা’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, “ভারতের মতো একটা দেশে খুব ধীরগতিতে কোনও কিছুর বদল হয়। কারণ আমরা বরাবরই আমাদের পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকি। তাতেই ডুবে আছি। আর এধরনের চিন্তা ভাবনা অবশ্যই শিক্ষার সঙ্গে সম্পর্কিত। বহু নেতা আছেন, যাদের কোনও শিক্ষাগত যোগ্যতা নেই। আমি দুঃখিত এটা আমাকে বলতেই হল। আমাদের দেশ এমন অনেক রাজনৈতিক নেতা শাসন করছেন, যাঁদের কোনও শিক্ষা নেই, কোনও দৃষ্টিভঙ্গি নেই।”
এরপরেই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। কাজলের উদ্দেশে অনেকেই লেখেন, “আপনি নিজেও ডিগ্রিধারী নন। তাই অন্য কারও শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার অধিকারও আপনার নেই।” অবশেষে কটাক্ষের সাফাই দিয়ে পাল্টা টুইট করেন কাজলও। সেখানে তিনি লেখেন, “আমি শুধুমাত্র শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বলেছিলাম। কোনও রাজনৈতিক নেতাকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। আমাদের দেশে এমন অনেক ভাল নেতা আছেন, যারা আমাদের দেশকে সঠিক দিশা দেখাচ্ছেন।”