
শেষ আপডেট: 10 February 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত জগতে কৈলাস খেরের (Kailash Kher) অবদান কারও অজানা নয়। 'সাইয়াঁ', 'আল্লাহ কে বান্দে'-র মতো একাধিক জনপ্রিয় গান শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। শ্রোতারা ভালবেসে বলেন, কৈলাসের গান শুনলে উজ্জীবিত হয়ে যায় যে কেউ। কিন্তু জানেন কি, সেই কৈলাসই একসময় আত্মহত্যা করতে ঝাঁপ দিয়েছিলেন গঙ্গায় (Ganges)। সম্প্রতি গায়ক নিজেই প্রকাশ্যে এনেছেন সেই অন্ধকার সময়ের কথা।
কৈলাসের বয়স তখন ২০-২১ বছর। দিল্লিতে জিনিসপত্র রফতানির ব্যবসা করতেন গায়ক। বেশ কিছুদিন সেই ব্যবসা ঠিকঠাক চলার পর হঠাৎই লোকসান হতে শুরু করে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন কৈলাস। শেষে একদিন হতাশায় চলে গিয়েছিলেন গঙ্গায় ঝাঁপ দিতে।
কৈলাস বলেন, "হঠাৎই আমার ব্যবসাটা পড়ে গিয়েছিল। আমি হৃষিকেশে চলে গিয়েছিলাম পুরোহিত হওয়ার জন্য। কিন্তু সেখানেও নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। জীবনে সব কিছুতেই ব্যর্থ হচ্ছিলাম। খুব হতাশ লাগছিল। তাই একদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে দিই। সে সময়ে ঘাটে বসে থাকা এক ব্যক্তি আমাকে জলে ডুবে যেতে দেখে প্রাণে বাঁচান।"
কৈলাস মনে করেন, সেই ঘটনাই তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। ঠিক করেন, জীবন যখন নতুন করে ফিরে পেয়েছেন, তাহলে নতুনভাবেই শুরু করবেন। এরপরেই মুম্বই গিয়ে গানের জগতে শুরু করেন লড়াই। সফলও হন। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি গায়ককে। আর এখন কৈলাস খের সঙ্গীত জগতে এক পরিচিত এবং সুপ্রতিষ্ঠিত নাম।
সার্জারি করে শ্যামলা কাজল ফর্সা হয়েছেন! নিন্দকদের বিদ্রূপের কড়া জবাব অভিনেত্রীর