
শেষ আপডেট: 29 January 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমন। জানা গেছে, কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করান হয়েছে তাঁকে। সোমবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার বিকেল ৩টের কিছু পর কবীর সুমনের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানা গেছে। তারপরই তাঁকে সরাসরি কলকাতা মেডিকেলে ভর্তি করান হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন সঙ্গীতশিল্পী। সোমবার বুকে সংক্রমণের সঙ্গে হার্টের সমস্যা বেড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি আপাতত স্থিতিশীল।
সূত্র মারফৎ জানা গেছে, গায়ক, গীতিকার এবং সুরকারের জন্য রাতের মধ্যেই চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হতে পারে। এখন শিল্পীকে অক্সিজেন সাপোর্টে রেখেছেন চিকিৎসকরা। প্রয়োজনে পরে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে, তার ব্যবস্থা এখন থেকে করে রাখা হয়েছে।