
সদ্যোজাতের এই ছবিই প্রকাশ করেন জাস্টিন-হেইলি
শেষ আপডেট: 24 August 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: দুই থেকে তিন হলেন জাস্টিন-হেইলি বিবার। শুক্রবার তারকা দম্পতি ভাগ করে নিয়েছেন পুত্রসন্তানের ছবি। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট পা তোয়ালে থেকে উঁকি দিচ্ছে। সেই পা ছুঁয়ে রয়েছে হেইলির আঙুল। এই ছবি দিয়ে তারকা দম্পতি ছেলের নামও প্রকাশ করেছেন। লিখেছেন, “স্বাগত জ্যাক ব্লুজ বিবার”। পাশে টেডি বিয়ারের ছবি।
চলতি বছরের মে মাসে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নেন। জুলাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে হেইলি জানান, ২০১৮-য় তাঁদের বিয়ে। সেই বাঁধনও এ বার আরও পোক্ত হতে চলেছে। বাকি জীবন তাঁরা আরও বেঁধে বেঁধে থাকবেন। সবটাই হবে সন্তানকে ঘিরে।
আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো বলেই আপাতত সুখে সংসার করছেন তাঁরা।
দীর্ঘ ৮ বছরের সম্পর্কের বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও সেলেনা গোমজের। তারপরই মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। এরপর বিয়ের চার বছর পূর্ণ হতেই তাঁদের বিবাহের কথা স্বীকার করেন এই তারকা জুটি। আর এখন ছেলেকে নিয়ে গড়ে উঠল তাঁদের ‘কমপ্লিট ফ্যামিলি’।