
শেষ আপডেট: 15 March 2023 08:22
দ্য ওয়াল ব্যুরো: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে চলতি বছরে ভারতের জয়জয়কার। ১টি নয় বরং ২টি অস্কার (Oscar 2023) পুরস্কার এবছর এসেছে ভারতের ঝুলিতে। তার মধ্যে একটি আরআরআর(RRR) ছবির নাটু নাটু গানের হাত ধরে। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআরআর ছবির নায়ক জুনিয়র এনটিআর (Junior NTR)।
বুধবার সকালে, লস অ্যাঞ্জেলেস থেকে হায়দরাবাদে ফিরলেন অভিনেতা জুনিয়র এনটিআর। তাঁর পরনে ছিল কালো সোয়েট শার্ট প্যান্ট এবং মাথায় টুপি। বিমানবন্দরে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোই। অভিনেতাকে প্রশ্ন করা হয় তাঁর কাছে সেরা অস্কার মুহূর্ত কোনটা?
উত্তরে অভিনেতা জানান, নাটু নাটু গানের সুরকার এমএম কিরাবানি এবং চন্দ্রবোসকে অস্কার পুরস্কার গ্রহণ করতে দেখার মুহূর্তটিই তাঁর কাছে সেরা। আরআরআর-এর জন্য তিনি অত্যন্ত গর্বিত। পাশাপাশি, ভারতবাসীকে আরআরআর-এর প্রতি অকুন্ঠ ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
অভিনেতা জানান, যখন, কিরাবানি এবং চন্দ্রবোস তাঁকে পুরস্কার নেওয়ার পর মঞ্চ থেকে নেমে জড়িয়ে ধরেন, সেই মুহূর্তের অনুভূতি তাঁর পক্ষে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। 'একজন ভারতীয় হিসেবে সেই সময়ে অত্যন্ত গর্বিত বোধ করছিলাম' এমনই বলছেন তিনি।
প্রসঙ্গত, আরআরআর প্রথম তেলুগু ছবি যার গান অস্কার মঞ্চে মৌলিক গান বিভাগে মনোনীত ছিল। লেডি গাগা, রিহানার মতো তারকাদের পিছনে ফেলে এই বিভাগে সেরার পুরস্কার ছিনিয়ে নেয় আরআরআর ছবির 'নাটু নাটু' গানটি। আর এই গানের দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরণকে।
গোলাপি আবিরে রাঙা হয়ে ওঠে চারপাশ, ৮০০ বছরের পুরনো ‘বাগাদ’ উৎসবে রথ টানে ষাঁড়