শেষ আপডেট: 1 December 2019 09:53

আগেই জানিয়েছিলেন একদম ছিমছাম করেই হবে বিয়ের অনুষ্ঠান। হাজির থাকবেন ঘনিষ্ট বন্ধুবান্ধব এবং আত্মীয়রা। হয়েছেও তাই। জুনের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক অরিন্দম শীল। সঙ্গে ছিলেন পরিচালকের স্ত্রী শুক্লা এবং মেয়ে সোনিকাও। অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে অনুষ্ঠানে এসেছিলেন ঊষা উত্থুপ।

ছিমছাম সাজেই বিয়ের অনুষ্ঠানে দেখা গেল জুনকে। জমকালো বেনারসি নয়, বরং লাল রঙয়ের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সৌরভের পরনে ছিল সাদা স্যুট। মায়ের বিয়ের অনুষ্ঠানে লাল পোশাকে সেজেছিলেন জুনের ছেলে এবং মেয়ে শিবেন্দ্র ও শিবাঙ্গিনী। টলিপাড়ার চেনামুখের পাশাপাশি মোহনবাগানকর্তা সৃঞ্জয় বসুও এসেছিলেন জুন মালিয়ার বিয়ের অনুষ্ঠানে। হাজির ছিলেন ফিল্ম এডিটর প্রেমেন্দু বিকাশ চাকী।
শোনা যায় প্রায় ১৪ বছরের সম্পর্ক জুন এবং সৌরভের। প্রথমবার বিবাহবিচ্ছেদের পর ছেলেমেয়েদের একাই মানুষ করেছেন জুন। তবে এখন শিবাঙ্গিনী এবং শিবেন্দ্র দু'জনেই বেশ বড়। মেয়ে কাজ করেন সহ-পরিচালক হিসেবে। আর ছেলে পেশায় পাইলট। অভিনেত্রীর ঘনিষ্ঠদের কথায় এতদিন ছেলেমেয়ের কথা ভেবেই বিয়ের সিদ্ধান্ত নেননি জুন। তবে এবার নিজের বিয়ে সেরেই ফেললেন অভিনেত্রী।