জুহি চাওলার দেড় দশকের সঙ্গী ছিল প্রিয় হিরের দুল, হারিয়ে ফেলে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ তিনি
দ্য ওয়াল ব্যুরো: ঝুমকা গিরা রে, বরেলিকি বাজার মে...
সে যুগে যদি সোশ্যাল মিডিয়া থাকত, তাহলে হয়তো বরেলির বাজারে সেই হারানো ঝুমকার খোঁজে পোস্ট দিতেন অভিনেত্রী সাধনা। তবে তাঁর সে ঝুমকার খোঁজ মিলেছিল কিনা, জানা যায়নি। এবার ঝুমকা হারিয়েছে মুম্বই
শেষ আপডেট: 14 December 2020 06:00
দ্য ওয়াল ব্যুরো: ঝুমকা গিরা রে, বরেলিকি বাজার মে...
সে যুগে যদি সোশ্যাল মিডিয়া থাকত, তাহলে হয়তো বরেলির বাজারে সেই হারানো ঝুমকার খোঁজে পোস্ট দিতেন অভিনেত্রী সাধনা। তবে তাঁর সে ঝুমকার খোঁজ মিলেছিল কিনা, জানা যায়নি। এবার ঝুমকা হারিয়েছে মুম্বই বিমানবন্দরে। আর সেই হারানো ঝুমকার জন্য এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ ঝুমকার মালকিন। না সাধনা নয়, ঝুমকা হারিয়েছে জুহি চাওলার। বলিউডের বিখ্যাত অভিনেত্রী জুহি, যেমন অভিনয় দক্ষতা তেমনই তাঁর গানের গলা। সবেতেই মুগ্ধ জুহির অনুরাগীরা।
সম্প্রতি সেই জুহি চাওলা নেটদুনিয়ার কাছে এক বিশেষ সাহায্যের জন্য দরবার করেছেন। রবিবার সন্ধ্যায় তিনি টুইট করে সাহায্য চেয়েছেন ফ্যানেদের কাছে। জানিয়েছেন, তিনি মুম্বই বিমানবন্দরে একটি কানের দুল হারিয়ে ফেলেছেন, সেটাই খুঁজে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি টুইট করেন। "দয়া করে সাহায্য করুন" লিখে জুহি তাঁর কানের দুলের ছবি পোস্ট করেন।
জুহি লেখেন, "আমি আজ সকালে মুম্বই এয়ারপোর্টের ৮ নম্বর গেট দিয়ে যাচ্ছিলাম। সেখানে কাউন্টারে যখন সিকউরিটি চেক হচ্ছিল, তখনই আমার হিরের কানের দুলটা কোনও ভাবে খুলে পড়ে যায়। যদি কেউ খুঁজে পান দুলটা তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। আমি খুবই খুশি ও আনন্দিত হবো দুলটা খুঁজে পেলে। যিনি খুঁজে দেবেন তাঁকে পুরস্কারও দেওয়া হবে।"
https://twitter.com/iam_juhi/status/1338151824214265858
জুহি জানান, তিনি গত ১৫ বছর ধরে দুলটা পরছেন। স্বাভাবিক ভাবেই এই দুলের সঙ্গে তাঁর অনেক স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে। তাঁর জীবনের সঙ্গে দুলটা এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা হারিয়ে ফেলার কষ্ট অসহনীয় হয়ে উঠেছে। তাই তো এমন করে দুলটা খুঁজে দেওয়ার অনুরোধ করে ফেলেছেন সকলের সামনে। প্রতিদিনের জীবনে দুলটা তাঁর সঙ্গী ছিল, তাই সেটাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছেন অভিনেত্রী।
১৯৮৬ সালে 'সুলতানা' সিনেমা দিয়ে বলিউডে হাতেখড়ি হয় জুহির। নব্বইয়ের দশকের অন্যতম সেরা অভিনেত্রী তিনি। 'বোল রাধা বোল', 'আয়না', 'ইয়ে বস', 'লোফার', 'হাম হে রাহি পিয়ার কে' এর মতো ব্লকবাস্টার সিনেমাতে অভিনয় করেছেন জুহি চাওলা। জুহিকে সবথেকে বেশি পরিচিতি দিয়েছিল 'ইশক' আর 'রাজু বান গয়া জেন্টলম্যান'-এর মতো সিনেমাগুলি। 'ফির দিল হ্যায় হিন্দুস্তানি' এবং 'চলতে চলতে'র মতো সিনেমায় সহ-প্রযোজকের ভূমিকা পালন করেছেন।

শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গেছে ২০১৯ সালের রোমান্টিক ড্রামা 'এক লড়কিকো দেখা তো অ্যায়সা লাগা'-তে। তবে এখন তিনি কী কাজ করছেন, তা নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।