
শেষ আপডেট: 4 September 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: টিনসেল টাউনে তারকাদের মধ্যে সম্পর্ক হওয়া বা ছাড়াছাড়ি মোটেই কোনও নতুন ঘটনা নয়। তবে যা রটে তার সত্যতা কতখানি এ নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হয় অধিকাংশ সময়েই। রূপোলি দুনিয়ার তারকাদের নিয়ে এমনিতেই উৎসাহ বেশি থাকে সাধারণ মানুষের। সেই কারণে ইদানীং সোশ্যাল মিডিয়ায় দুই তারকার মধ্যে প্রেমের গুজবও যেমন ভেসে বেড়ায় তেমনই মাঝেমধ্যেই শোনা যায় বিবাহিত তারকাদের বিচ্ছেদের গুজব (Joe Jonas Sophie Turner divorce)।
প্রিয়াঙ্কা নিকের মধ্যে যদিও বিচ্ছেদের কোনও চিহ্ন নেই। মেয়ে মালতীকে নিয়ে সুখেই আছেন দেশি গার্ল। প্রায়ই রোম্যান্টিক মুডে ছুটি কাটাতে দেখা যায় নিক-প্রিয়াঙ্কাকে। শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে প্রিয়াঙ্কার জা-ভাসুরের মধ্যে। অর্থাৎ নিক জোনাসের ভাই জো জোনাস এবং 'গেম অফ থ্রোনস' খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের সংসার নাকি ভাঙতে চলেছে, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টিনসেল টাউনে।
তবে এই গুঞ্জনের সমস্তটাই শুরু জো-এর বিয়ের আংটিকে কেন্দ্র করে (divorce rumors stops joe wears ring)। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে জো জোনাসের হাতে দেখা যায়নি বিয়ের আংটি। এমনকি নিউইয়র্কের রাস্তাতেও জো জোনাস নাকি আংটি ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন। এই দৃশ্যের ছবি ভাইরাল হতেই রটে যায় বিচ্ছেদ হতে চলেছে জো জোনাস এবং সোফি টার্নারের। তবে সামান্য আংটি খুলে রাখাতেই জল্পনা বিশাল আকার ধারণ করায় তড়িঘড়ি আবার বিয়ের আংটি পরে ফেলেছেন জো জোনাস। রবিবার জোনাস ব্রাদার্স-এর একটি কনসার্টে দেখা যায় জো জোনাসের আঙুলে আবারও স্বস্থানে ফিরে এসেছে বিয়ের আংটি। অনেকের মতে, বিচ্ছেদের জল্পনায় জল ঢালতেই তড়িঘড়ি আংটি গলিয়ে ফেলেছেন জো জোনাস।
প্রসঙ্গত, 'জোনাস ব্রাদার্স'-এর কোনও অনুষ্ঠানেই দেখা যায়নি জো-এর স্ত্রী সোফিকে। যদিও হলিউডের ওয়াক অফ ফেম'এ 'জোনাস ব্রাদার্স' জায়গা করে নিলে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সোফি। ছোট জা প্রিয়াঙ্কার সঙ্গেও ভাল সম্পর্ক সোফির। নিক প্রিয়াঙ্কার বিয়ের পর থেকেই একাধিক অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে সোফি টার্নারের ছবি দেখা গেছে। নিক, জো-এর বাবার সঙ্গেও যথেষ্ট সুসম্পর্ক বৌমাদের। হলিউডে 'দেশি গার্ল'-এর শ্বশুরবাড়ির এই সুন্দর পারিবারিক বন্ধনের ফ্রেম চিড় খাক জো-সোফির বিচ্ছেদে, তা চাইছেন না অনুরাগীরাও।