.webp)
শেষ আপডেট: 15 October 2023 15:44
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ভাঙন রোখা সম্ভব হল। সৌজন্যে, 'সমঝোতা'। তাতে নাকি দুপক্ষই বেশ খানিকটা করে আপস করেছেন। আর তারপরেই বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করার জন্য আদালতে আর্জি জানালেন মার্কিন গায়ক জো জোনাস।
গেম অফ থ্রোনস খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে সুখের সংসার ছিল প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর তথা জোনাস ব্রাদার্স ব্যান্ডের অন্যতম সদস্য জো-র। তবে সম্প্রতি ভালবাসায় ভাটা পড়ে, স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন তিনি। তারপর থেকেই সন্তানদের নিয়ে বান্ধবী তথা স্বামীর প্রাক্তন প্রেমিকা টেলর সুইফটের বাড়িতে গিয়ে ওঠেন সোফি। জো-সোফির মধ্যে ঝামেলা চলছিল সন্তানদের হেফাজত নিয়েই।
তবে শেষমেশ এই নিয়ে একটি অস্থায়ী সমাধান সুত্রে পৌছেছেন দম্পতি। জানা গেছে, দু পক্ষের মধ্যে মধ্যস্থতা করে আদালত। কোর্টের নির্দেশ অনুযায়ী, দম্পতির ১ এবং ৩ বছর বয়সি দুই কন্যা সন্তান পালা করে দেড় থেকে ৩ সপ্তাহের ব্যবধানে একবার মায়ের কাছে, একবার বাবার কাছে থাকবে। আদালত আরও জানিয়েছে, ৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিশুরা থাকবে তাদের মায়ের কাছে। তারপর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাবা জো জোনাস সন্তানদের হেফাজত পাবেন।
থ্যাঙ্কসগিভিং-এর সময়টা বাবার সঙ্গে কাটাবে তারা। তবে বড়দিনের ছুটিতে মা সোফির সঙ্গেই থাকবে দুজনে, জানিয়েছে আদালত। এই সময়সীমার মধ্যে বাবা কিংবা মা সন্তানদের নিয়ে কিছুদিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য রাজ্য কিংবা ব্রিটেন থেকেও ঘুরে আসতে পারবেন বলে জানিয়েছিলেন বিচারপতি।
সন্তানদের হেফাজত নিয়ে ঝামেলার সূত্রপাত হয় যখন সোফি প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি জানান, জো তাঁর দুই মেয়ের পাসপোর্ট নিয়ে রেখে দিয়েছেন, যার ফলে তিনি সন্তানদের তাদের আসল বাড়ি, অর্থাৎ যুক্তরাজ্যে নিয়ে যেতে পারছেন না। তিনি আরও জানান, শিশুগুলি ব্রিটেনে যে বাড়িতে থাকতে অভ্যস্ত, সেখানে যেতে না দিয়ে তাদের অন্যায়ভাবে নিউইয়র্ক শহরে আটকে রেখেছেন জো। এ প্রসঙ্গে নথিপত্র দেখিয়ে তিনি দাবি করেন, সন্তানদের যুক্তরাজ্যের স্কুলে পড়ার ইচ্ছের কারণে ২০২৩ সালের ইংল্যান্ডকেই তাদের পাকাপাকি ঠিকানা করা হয়েছিল।
৩ বছর পরস্পরকে ডেট করার পর ২০১৯ সালে বিয়ে করেন জো-সোফি। তবে ৪ বছর সংসার করার পর চলতি মাসের শুরুতেই বিচ্ছেদ ঘোষণা করেন এই তারকা দম্পতি। স্ত্রীর বিরুদ্ধে মিয়ামির আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন জো। তিনি জানান, তাঁদের সম্পর্ক এখন এমন জায়গাতেই এসে দাঁড়িয়েছে যেখান থেকে তা আর আগের অবস্থায় ফেরার সম্ভাবনা নেই। সেই ঘটনার পরেই সন্তানদের হেফাজত নিয়ে দুজনের মধ্যে নতুন করে ঝামেলা শুরু হয়। তবে শেষমেশ আদালতের মধ্যস্থতায় সেই সমস্যা সাময়িকভাবে মিটেছে। আর তারপরেই জো বিবাহবিচ্ছেদের মামলাও প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।