দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ বছরটায় বলিউডের পরিসংখ্যান দেখে অনেকেই বলাবলি করছেন যে বিগত বেশ কিছু বছরের তুলনায় বলিউড নাকি ঘুরে দাঁড়িয়েছে। ফের হারানো বক্স অফিসের জমি ফিরে পেয়েছেন শাহরুখ খান থেকে সানি দেওলও। তবে এই তালিকায় ফেলা যাচ্ছে না ফারহান আখতারকে। চলতি বছরে কেবলমাত্র 'ডন ৩'-এর টিজার মুক্তি ছাড়া আর কোনও ছবির ঘোষণাও শোনা যাচ্ছে না।
যদিও দৃশ্যটা আদৌ এমন হওয়ার কথা ছিল না। বরং বছর দুয়েক আগেই ফারহান ঘোষণা করেছিলেন বলিউডের তিন নায়িকাকে প্রথমবার একসঙ্গে পর্দায় আনতে চলেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ বলিউডের প্রথম সারির তিন নায়িকা রীতিমতো বড় বাজেটের ছবি দিয়েই যে একসঙ্গে বড় পর্দায় পা রাখছেন এই কথাও ঘোষণা হয়ে গিয়েছিল তখনই। ছবির নামও ঠিক হয়ে গিয়েছিল, শোনা গিয়েছিল ছবির নাম হতে চলেছে 'জি লে জারা'।
তবে বছর দুয়েক কেটে গেলেও এই ছবির শ্যুটিং আদৌ কবে শুরু হতে চলেছে সে নিয়ে কোনও উচ্চবাচ্য নেই পরিচালক থেকে ঘোষিত অভিনেত্রীদের কারও মুখেই। সম্প্রতি জানা গেছে, 'জি লে জারা'-র শ্যুটিং নাকি বিশ বাঁও জলে। চলতি বছরে তো শ্যুটিং হচ্ছেই না, আগামী বছরেও শুরু হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না কেউই।
শোনা যাচ্ছে ডেট নিয়ে সমস্যার জন্যই নাকি কিছুতেই শ্যুটিং শুরু করা যাচ্ছে না এই ছবির। তা ছাড়া, সূত্রের খবর, প্রথমে রাজি হলেও পরে নাকি বেঁকে বসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বি টাউনের অন্দরে ফিসফাস, চিত্রনাট্য পছন্দ না হওয়াতেই নাকি এই ছবি থেকে সরে দাঁড়াতে চাইছেন প্রিয়াঙ্কা।
প্রথমে পরিকল্পনা ছিল বোন পরিণীতির বিয়েতে দেশে যখন আসবেন সেই সময়ই ছবির চুক্তি সংক্রান্ত সইসাবুদ সেরে ফেলবেন তিনি। তবে নির্মাতাদের তরফে অবশ্য বলা হচ্ছে, হলিউডে কলাকুশলীদের ধর্মঘটের কারণেই নাকি প্রিয়াঙ্কার শ্যুটিং শিডিউল একেবারে এলোমেলো হয়ে গিয়েছে। সেই কারণেই পূর্ব-নির্ধারিত কাজগুলি মিটিয়ে নিতে গিয়েই সময় দিতে পারছেন না পিগি চপস। এখন দেখার আদৌ নায়িকাদের হাতের কাজ মিটিয়ে শ্যুটিং শুরু হয় নাকি এই তিন নায়িকার এক ফ্রেমে আসার বিষয়টি কেবলমাত্র সম্ভাবনা হয়েই থেকে যায়।