
শেষ আপডেট: 21 November 2023 19:46
দ্য ওয়াল ব্যুরো: ২০ নভেম্বর, সোমবার থেকে শুরু হয়েছে ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই ‘ইফি’র মঞ্চে রীতিমতো রেকর্ড গড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটা-দু’টো নয়, তাঁর একেবারে পাঁচটি ছবি সেখানে প্রদর্শিত হতে চলেছে। এরমধ্যে রয়েছে একটি হিন্দি ও একটি ইরানি ছবিও।
ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব এই ‘ইফি’। যেখানে নিজেদের ছবি সুযোগ পাওয়া যে কোনও সিনেমা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীদেরই স্বপ্ন। আর সেই উৎসবে একইসঙ্গে তাঁর পাঁচটি ছবি জায়গা পাওয়ায় স্বাভাবিকভাবেই উছ্বসিত জয়া নিজেও। সংবাদমাধ্যমের সামনে নিজের সেই অনুভূতি প্রকাশও করেছেন জয়া।
অভিনেত্রী বলেন, “একজন শিল্পীর কাজ অভিনয় করা। আমি সেটাই করছি। আর সেই অভিনয় যখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় এনে আমায় দাঁড় করায়, তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। ‘ইফি’-তে নিজের পাঁচটি সিনেমা প্রদর্শিত হওয়ায় একজন অভিনয়শিল্পী হিসেবে আমার ভীষণ ভালো লাগছে।”
জয়ার এই ৫টি সিনেমার মধ্যে রয়েছে ১টি হিন্দি, ১টি ইরানি ও ৩টি বাংলা ছবি। হিন্দি সিনেমাটির নাম 'কড়ক সিং'। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জয়াকে দেখা যাবে। ইরানি সিনেমাটির নাম ‘ফেরেস্তা’। সেই সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের জনপ্রিয় পরিচালক মুর্তাজা আতাশ জমজম।
অন্যদিকে টলিউডের যে তিনটি ছবি ‘ইফি’-তে প্রদর্শিত হবে, সেগুলি হল কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’, সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল নাচের ইতিকথা’ এবং সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘ঝরা পালক’। উল্লেখ্য, এই শেষ ছবিটি কবি জীবনানন্দ দাশের জীবনের আধারে নির্মিত।