
শেষ আপডেট: 6 May 2023 13:37
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বড় ঘোষণা! দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভক্তদের সুখবর দিলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। জানিয়ে দিলেন 'জওয়ান' মুক্তির (Jawan Release Date) তারিখ। গতবছর সিনেমার নাম ঘোষণার দিন বলা হয়েছিল, 'জওয়ান' ২ জুন মুক্তি পাবে। সেই মতো জোরকদমে শ্যুটিংও চলছিল। তবে এবছর ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ হঠাৎই জানা যায়, ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে। কারণ, ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে সময় লাগছে এবং ভিএফএক্সের কাজও অনেক বাকি। তাই কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না শাহরুখ ও পরিচালক অ্যাটলি।
তাহলে ২ জুনের পরিবর্তে কবে মুক্তি পাবে 'জওয়ান'? গত কয়েক মাসে এই প্রশ্নে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন নির্মাতারা। নির্দিষ্ট কোনও তারিখও জানানো হচ্ছিল না। অবশেষে শনিবার সেই ছবির রিলিজের দিন ঘোষণা করলেন ছবির অভিনেতা তথা প্রযোজক শাহরুখ। জানিয়ে দিলেন, আগামী ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত প্রথম প্যান ইন্ডিয়া ছবি 'জওয়ান'। হিন্দি, তামিল ও তেলুগু- এই তিন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
'পাঠান' দিয়ে রাজকীয় কামব্যাকের পরই শাহরুখ ভক্তরা 'জওয়ান' মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু তাঁদের অপেক্ষা যেন ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। এই প্রথমবার শাহরুখের সঙ্গে একই সিনেমায় দেখা যাবে দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুপতিকে। এছাড়াও রয়েছেন নয়নতারা, সান্য মালহোত্রার মতো অভিনেত্রীরা। এমনকী বিশেষ দু'টি চরিত্রে সঞ্জয় দত্ত, আল্লু অর্জুনের মতো তারকাকেও দেখা যেতে পারে বলে খবর। সর্বোপরি, ছবির একটি গানে থাকছেন দীপিকা পাড়ুকোনও।
সুতরাং, এ কথা হলফ করে বলা যায় যে এ ছবির অভিনেতা-অভিনেত্রীর তালিকাতেই একাধিক চমক রয়েছে। তার উপর পরিচালকের নাম অ্যাটলি। তাই স্বাভাবিকভাবেই 'জওয়ান' নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমেও ছবিটি নিয়ে শাহরুখ-ভক্তদের উন্মাদনা চোখে পড়ছে। এখন দেখার সেপ্টেম্বরে মুক্তির পর বক্স অফিসে কেমন ম্যাজিক দেখায় শাহরুখের 'জওয়ান'।
শাহরুখের চরিত্রেই নেপোটিজম! ওম শান্তি ওম নিয়ে বিরক্ত অর্জুন রামপাল