
শেষ আপডেট: 7 July 2023 10:52
দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তির ঠিক দু’মাস বাকি। তার আগে ফের খবরের শিরোনামে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’ (Jawan)। গতবছর ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে অধীর আগ্রহে রয়েছেন ‘বাদশা’ ভক্তরা। কারণ, এই প্রথমবার দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। তার উপর এই প্রথম প্যান ইন্ডিয়া ছবি করছেন অভিনেতা। ফলত প্রত্যাশার পারদ চড়চড় করে বাড়ছে। এরমধ্যেই ‘জওয়ান’-এর ট্রেলার নিয়ে নতুন খবর প্রকাশ্যে এল।

এর আগে একাধিকবার ছবিটি নিয়ে ‘আস্ক এসআরকে’ সেশনে ভক্তদের প্রশ্নের মুখে পড়েছেন শাহরুখ। কবে মুক্তি পাবে ট্রেলার, তা জানতে উৎসুক সকলেই। কিন্তু প্রতিবারই সুকৌশলে সেসব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অভিনেতা। তবে এবার জানা গিয়েছে, আগামী সপ্তাহেই প্রকাশ্যে আসবে ‘জওয়ান’-এর ট্রেলার। সূত্রের খবর, ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং’-এর সঙ্গেই সিনেমাহলে মুক্তি পাবে শাহরুখের ছবির ট্রেলার।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার অন্যতম অভিনেত্রী নয়নতারার (Nayanthara) ছবি। যা দেখে নেটিজেনদের একাংশের ধারণা, সেটি নাকি ‘জওয়ান’ ছবিতে অভিনেত্রীর লুক। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে মুখ করে বসে রয়েছেন নয়নতারা। তাঁর পরনে গোলাপী রঙের একটি স্যুট। তবে একাধিক 'ফ্যাক্ট চেকিং' সংস্থার দাবি, এই ছবিটি মর্ফ করা। ‘জওয়ান’-এর ছবি তো নয়-ই, এমনকী ওটা নয়নতারাও নয় বলে দাবি তাদের।