
শেষ আপডেট: 9 September 2023 08:35
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুক্তির পর থেকেই ‘জওয়ান’ (Jawan) জ্বরে আক্রান্ত গোটা দেশ। ভারতের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ-সহ বিশ্বের আরও কয়েকটি দেশে রমরমিয়ে চলছে শাহরুখ খানের নতুন সিনেমা। প্রথমদিনেই বিশ্বজুড়ে ১২৯.৬ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। মনে করা হচ্ছে, খুব শিগগিরই বলিউডের বড় বড় রেকর্ড ভেঙে দেবে ‘জওয়ান’। কিন্তু এরমধ্যেই শাহরুখের ছবির বিরুদ্ধে বড় অভিযোগ তুলল তামিল ফিল্ম (Tamil film) ইন্ডাস্ট্রি।
তামিল সিনেমাজগতের সুপারস্টার অ্যাটলি এই প্রথম বলিউডে পা রাখলেন। আর প্রথম ছবিতেই তিনি পেয়েছেন শাহরুখ খানের মতো তারকাকে। একেবারেই দক্ষিণী ছবির কায়দায় অভিনেতাকে নিয়ে তৈরি করেছেন ‘জওয়ান’। কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, এই ছবিটি একেবারেই মৌলিক গল্প নয়। বরং পুরোটাই একটি তামিল ছবি থেকে হুবহু নকল। তাঁদের দাবি, ওই ছবিতে হিরোর দ্বৈত চরিত্র ছিল। এখানেও শাহরুখকে তেমনই দেখা গিয়েছে। তাই অ্যাটলি এই সিনেমাকে মৌলিক বলে দাবি করলেও তা মিথ্যা।
১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল আর অরবিন্দরাজ পরিচালিত তামিল ছবি ‘থাই নাড়ু’। সেই ছবিতে অভিনয় করেছিলেন সত্যরাজ ও রাধিকা। অ্যাটলির বিরুদ্ধে অভিযোগ, পরিচালক সেই তামিল ছবিটিরই রিমেক করেছেন। কিন্তু সে কথা স্বীকার করেননি। উল্লেখ্য, অন্য ছবি থেকে নকল করার অভিযোগ অ্যাটলির বিরুদ্ধে আগেও উঠেছে। কিন্তু তাতে ছবির ব্যবসায় কোনও ক্ষতি হয়নি। গত দু’দিনে ‘জওয়ান’-এর বক্স অফিস আয়ও যেন সেটাই আরও একবার প্রমাণ করে দিল।
শাহরুখকে দেশের সম্পদ ঘোষণা করা হোক, আনন্দ মাহিন্দ্রার পোস্ট ভাইরাল