
ফাইল চিত্র
শেষ আপডেট: 9 May 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: জীবনে যতটা খ্যাতি, ঠিক ততটাই ঘোর অন্ধকারে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন তিনি। বলিউডের কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বরাবরই অকপট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ফিরে দেখলেন সেই দিনগুলো, যখন অ্যালকোহল ছাড়া তাঁর দিন কাটত না। সেই থেকে তিনি আজ পর্যন্ত এক ফোঁটাও মদ খাননি তিনি। Mid Day-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "একসময় ১৮ বোতল বিয়ার একসঙ্গে খেতাম"।
আরও বলেন, “হুইস্কিতে অ্যালার্জি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম শুধু বিয়ার খাব। কিন্তু দিনে দিনে ব্যাপারটা এমন জায়গায় পৌঁছল যে একসাথে ১৮ বোতল বিয়ার খেয়ে ফেলতাম। তারপর ভাবলাম, ইয়ার, এটে তো পেট মোটা হচ্ছে!—তখন বিয়ার ছেড়ে দিলাম, শুরু করলাম রাম।” জাভেদ জানান, মদ্যপানের জন্য কখনও কাউকে প্রয়োজন হত না তাঁর। বলেন, “কেউ থাকলে ভাল, না থাকলেও আমি একাই খেয়ে নিতাম।”
এই প্রথম নয়, বহু বছর আগেই নিজের মদ্যপানের বদঅভ্যাস সামনে আনেন তিনি। ২০১২ সালে ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে বলেছিলেন, “মাত্র ১৯ বছর বয়সেই মদ খাওয়া শুরু করি। বম্বে আসার পর বন্ধুবান্ধবদের সঙ্গে শুরু হয়, পরে সেটা অভ্যাসে পরিণত হয়। প্রথমদিকে টাকার অভাব ছিল, কিন্তু সাফল্য পাওয়ার পর টাকাও এল, আর দিনে দিনে তা গিয়ে দাঁড়াল এক বোতল প্রতিদিন।”
কিন্তু কোথায় যেন একদিন থেমে গেল সেই অভ্যাস। বদলে গেল সবকিছু। আর এই পরিবর্তনের পিছনে ছিল অভিনেত্রী এবং তাঁর স্ত্রী শাবানা আজমি-র। 'Arbaaz Khan'-এর শো 'The Invincibles' সিরিজ ২-এ শাবানা শেয়ার করেন, "ও বুঝতে পেরেছিল, এইভাবে চলতে থাকলে ও বাঁচবে না, আর সৃষ্টিশীল কাজও করতে পারবে না।" লন্ডনের এক ফ্ল্যাটে শাবানা বুঝেছিলেন, হয়তো আবার একটা ‘তেমনই ট্রিপ’ শুরু হতে চলেছে। কিন্তু সেই সকালে জাভেদ আখতার তাঁকে চমকে দেন।
"খুব চুপ করে বলল, ‘আমার জন্য একটু ব্রেকফাস্ট করে দাও’। খাওয়ার পর হঠাৎ বলল, ‘আমি আর মদ খাব না।’ আমি স্তম্ভিত হয়ে গেলাম। বললাম, ‘মানে?’ ও বলল, ‘আমি আর খাব না।’ সেই দিন থেকে ও সত্যিই আর এক ফোঁটাও মুখে দেয়নি," বলেন শাবানা।