
বলিউড ছবি ‘জাট’
শেষ আপডেট: 18 April 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে বলিউড ছবি ‘জাট’। সানি দেওল ও রণদীপ হুদার অভিনীত এই চলচ্চিত্রে খ্রিস্টান ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে সম্প্রতি সরব হয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ। এবার সেই বিতর্ক আরও গম্ভীর মোড় নিল। বৃহস্পতিবার রাতে পঞ্জাবের জলন্ধর পুলিশ এই ছবি সংশ্লিষ্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতা সানি দেওল, রণদীপ হুদা, বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ২৯৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে—ইচ্ছাকৃতভাবে ও বিদ্বেষপ্রসূত কার্যকলাপে কোনও শ্রেণির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা দণ্ডনীয় অপরাধ।
View this post on Instagram
জানা যাচ্ছে, অভিযোগ খতিয়ে দেখতে পঞ্জাব পুলিশ প্রাথমিকভাবে দুই দিনের সময় চেয়েছিল। সেই পর্যালোচনার পরেই সদর থানায় FIR দায়ের করা হয়। জলন্ধরের স্টেশন হাউস অফিসার (এসএইচও) সঞ্জীব কুমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঠিক কী অভিযোগ উঠেছে?
খ্রিস্টান সম্প্রদায়ের দাবি, ‘জাট’ ছবির একটি দৃশ্যে যিশু খ্রিস্ট ও খ্রিস্টান ধর্মীয় প্রথাকে অপমান করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এক দৃশ্যে রণদীপ হুদাকে যিশুর মতো গির্জার অভ্যন্তরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেই মুহূর্তেই ঘটে গুলি চালনার ঘটনা। আমীন উচ্চারণকে নিয়েও অসম্মানজনক ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ।
জলন্ধরের খ্রিস্টান সংগঠনের নেতা বিক্লভ গোল্ডি জানিয়েছেন, “এই ধরনের দৃশ্য শুধু আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে না, বরং অন্যদের গির্জা আক্রমণে প্ররোচিতও করতে পারে।” তাঁর প্রশ্ন, “গুড ফ্রাইডের মতো পবিত্র দিনে এই ছবি মুক্তি দেওয়ার কী প্রয়োজন ছিল?”
ছবিটি নিষিদ্ধের দাবি উঠেছে
বিক্লভ গোল্ডির নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের একটি অংশ ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ইতিমধ্যেই ‘রণদীপ হুদা মুর্দাবাদ’ স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, “খ্রিস্টধর্ম কারও ক্ষতি করা শেখায় না। এই ধরনের উপস্থাপনা একেবারেই গ্রহণযোগ্য নয়।” চলচ্চিত্রমাধ্যমে ধর্মীয় ভাবাবেগ নিয়ে বিতর্ক নতুন নয়। তবে ‘জাট’-এর প্রসঙ্গ এখন রাজ্য পেরিয়ে জাতীয় পর্যায়ে পৌঁছনোর ইঙ্গিত দিচ্ছে। ছবি সংশ্লিষ্টরা এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।