
শেষ আপডেট: 21 July 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর বিপদে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জসমিন ভাসিন। কনট্যাক্ট লেন্স পরেই চরম বিপদে পড়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, তাঁর চোখের কর্নিয়া 'নষ্ট' হতে বসেছে। আপাতত জসমিনের চিকিৎসা চলছে।
অনেকেই আজকাল কৃত্রিম লেন্স ব্যবহার করে থাকেন। জসমিনও দীর্ঘদিন কন্ট্যাক্ট লেন্স পড়ে আসছেন। যার জেরেই ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেত্রীর চোখের কর্ণিয়া। গত ১৭ জুলাই থেকে তাঁর চোখের সমস্যা শুরু হয়। সম্প্রতি একটি ইভেন্টের জন্য জসমিন লেন্সটি পরেন। এরপরই ধীরে ধীরে তাঁর চোখে ব্যথা হতে শুরু করে। সময়ের সঙ্গে বাড়াবাড়ি শুরু হয়। চোখের ব্যথা এমন পর্যায়ে পৌঁছয় যে একসময় আর কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি।
View this post on Instagram
জসমিন জানিয়েছেন, দিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য তিনি যখন তৈরি হচ্ছিলেন, তখনই লেন্স পরার পর ব্যথা অনুভব হয়। অভিনেত্রীর কথায়, "জানি না লেন্সে কী গণ্ডগোল ছিল, পরার পর থেকেই চোখে ব্যথা হতে শুরু করে। ধীরে ধীরে অসম্ভব খারাপ অবস্থায় পৌঁছয়। ইভেন্টে আগে থেকে চুক্তি ছিল তাই তারপরই ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। ইভেন্টে আমি সানগ্লাস পরেছিলাম এবং খানিক পরে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না, তখন আমার টিম সবকিছু সামাল দিতে সাহায্য করে।'
এরপর ইভেন্টের পর রাতের দিকে চোখের ডাক্তারের কাছে যান জসমিন। চিকিৎসক জানান, জসমিনের কর্নিয়ার ক্ষতি হয়েছে। তাঁর চোখে ব্যান্ডেজ বেঁধে দেন ডাক্তার। জসমিন বলেন, "মুম্বই ফিরে এসে এখানে চিকিৎসা চালিয়ে যাই। খুব যন্ত্রণা হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন যে আগামী ৪-৫ দিনের মধ্যে সেরে উঠব। কিন্তু ততদিন চোখের ভাল করে যত্ন নিতে হবে। সেটা একেবারেই সহজ নয় কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না, যন্ত্রণায় ঘুমও হচ্ছে না।"
রবিবার নিজের ইনস্টাগ্রামে এই নিয়ে একটি স্টোরি দেন জসমিন। তিনি লেখেন, 'এখন আমি ভাল আছি আর সেরে উঠছি। সকলের ভালবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ'। ছবিতে তাঁর চোখে কালো চশমা দেখা যায়।
২০১১ সালে তামিল ছবি 'ভানম'-এর হাত ধরে অভিনয়ের কেরিয়ার শুরু করেন জসমিন ভাসিন। 'তশন-এ-ইশক' হিন্দি ধারাবাহিকে ট্যুইঙ্কল তানেজার চরিত্রে এবং 'দিল সে দিল তক' ধারাবাহিকে তেনি ভানুশালির চরিত্রে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন। 'খতরোঁ কে খিলাড়ি ৯', 'বিগ বস ১৪'-এর মতো রিয়েলিটি শোয়েও অংশ নিয়েছেন তিনি। বর্তমানে তাঁর অভিনেতা আলি গনির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে।